ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস

নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস
×

মির্জা আব্বাস- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ | ২০:২৫ | আপডেট: ১৪ মার্চ ২০২৬ | ২০:২৬

দুই দফায় মস্তিষ্কে অস্ত্রোপচারের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। শনিবার সকালে সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম একথা জানান।

তিনি বলেন, সকালে উনার (মির্জা আব্বাস) সিটি স্ক্যান করা হয়েছে। ওই রিপোর্ট ভালো এসেছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সার্বক্ষনিক তাকে দেখছেন। মেডিকেল বোর্ডের চিকিৎসকদের ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে থাকছেন মির্জা আব্বাস।

গত বুধবার ইফতারের পর মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েন। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেছিলেন, মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, শুক্রবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সেখানে নিয়ে যেতে বিভিন্ন হাসপাতালের সঙ্গে আলোচনা চলছে। তবে সে দিন তার অব্স্থার অবনতি ঘটায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অস্ত্রোপচার করা হল। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৩টা ১০ মিনিটে মির্জা আব্বাসকে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। রাতে আরও এক দফায় মস্তিস্কে সফল অপারেশন করা হয় মির্জা আব্বাসের।

মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন বলে জানান ডা. রফিক। বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন।

আরও পড়ুন

×