ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হাদি হত্যায় অভিযুক্তদের ফেরাতে কনস্যুলার অ্যাকসেস প্রক্রিয়াধীন

সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাদি হত্যায় অভিযুক্তদের ফেরাতে কনস্যুলার অ্যাকসেস প্রক্রিয়াধীন
×

 কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬ | ০৮:২৬

| প্রিন্ট সংস্করণ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার তিন বাংলাদেশিকে ফিরিয়ে আনতে দিল্লির কাছে কনস্যুলার অ্যাকসেস চেয়েছে ঢাকা। বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। গতকাল সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
গ্রেপ্তার অভিযুক্তদের ফেরানো নিয়ে এক প্রশ্নের উত্তরে শামা ওবায়েদ বলেন, ‘কলকাতার সঙ্গে সরকার যোগাযোগ রাখছে। যাদের ধরা হয়েছে, তাদের কনস্যুলার অ্যাকসেস পেতে সরকার সব ধরনের চেষ্টা চালাচ্ছে। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের কাজ করছে। প্রথমে দুজন গ্রেপ্তারের পর তাদের কনস্যুলার অ্যাকসেস চাওয়া হয়েছে। পাশাপাশি আরেকজনকে গ্রেপ্তারের পরও কনস্যুলার অ্যাকসেস চাওয়া হয়েছে। সরকার চেষ্টা করছে। আশা করি, ভারত সহযোগিতা করবে।’

বেশ কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার র‌্যাব বিলুপ্তের আহ্বান জানানো নিয়ে প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপির অংশ হিসেবে গত ১৭ বছরে প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের জায়গা আমরা দেখে এসেছি। যে র‌্যাব মানুষের সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য তৈরি করা হয়েছিল, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার তাদের জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে। মানবাধিকার লঙ্ঘন করতে ব্যবহার করা হয়েছে। বিএনপি একটি মানবিক দল ও মানবিক সরকার গঠন করেছে। মানবাধিকার যাতে প্রতিষ্ঠিত এবং শক্তিশালী হয়, সে লক্ষ্যে সব কাজ বিএনপি বিগত দিনেও করেছে, ভবিষ্যতেও করবে।’
রাশিয়া থেকে তেল কেনা নিয়ে প্রশ্নের উত্তরে শামা ওবায়েদ বলেন, ‘জ্বালানি মন্ত্রণালয় থেকে জানতে পেরেছি, আমাদের কোনো জ্বালানির সংকট এ মুহূর্তে নেই। ভবিষ্যৎ পরিকল্পনার জন্য সব দেশের সঙ্গে জ্বালানি মন্ত্রণালয় কথা বলছে।’

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের পরিস্থিতি নিয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, যেসব বাংলাদেশি আসতে চাচ্ছেন বা পারছেন, দূতাবাস তাদের সহযোগিতা করছে। যারা আসতে পারছেন না, তাদের নিরাপত্তার বিষয়টিও সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস দেখভাল করছে।

আরও পড়ুন

×