নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, গোয়েন্দা নজরদারি
ঢাকার ফাঁকা বাসায় চুরি ঠেকাতে নানা পদক্ষেপ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬ | ০৮:২১ | আপডেট: ১৯ মার্চ ২০২৬ | ০৯:৫৫
| প্রিন্ট সংস্করণ
ঈদের সময় ঢাকাসহ সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সড়ক-মহাসড়কে টহল জোরদারের পাশাপাশি আবাসিক এলাকার নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এ ছাড়া ঢাকার ফাঁকা বাসায় চুরি ঠেকাতেও নানা পদক্ষেপ নিয়েছে পুলিশ।
পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, ঈদ ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে পুলিশ সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পর্যাপ্ত পুলিশ মোতায়েন, নজরদারি এবং প্রয়োজনীয় নিরাপত্তা তদারকি নিশ্চিত করা হচ্ছে। চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে আবাসিক এলাকা, বাজার ও মহাসড়কে টহল জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পর্যটন কেন্দ্রগুলোয় অতিরিক্ত পুলিশ মোতায়েন, ট্রাফিক ব্যবস্থাপনা ও পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। শান্তিপূর্ণ ও নিরাপদ ঈদ উদযাপনে সবাইকে সতর্ক থাকা, আইন মেনে চলা এবং যে কোনো সন্দেহজনক বিষয় দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করা হচ্ছে।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার সম্প্রতি নগরবাসীর উদ্দেশে বলেন, ছুটিতে বাড়ি যাওয়ার আগে ঢাকার বাসার দরজা-জানালা ঠিকভাবে বন্ধ করা, ঘরের ভেতরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদ স্থানে সংরক্ষণ করা উচিত। এ ছাড়া বাসায় সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পুরোনো ক্যামেরা সচল রাখাসহ রাতে বাসার আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার কথাও বলেন তিনি।
- বিষয় :
- নিরাপত্তা দাবি
- রাজধানী
- ডিএমপি
