ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

'নবীন ফ্যাশন' খুলে দেওয়া নির্দেশ, হাতিরঝিল থানার ওসিকে তলব

'নবীন ফ্যাশন' খুলে দেওয়া নির্দেশ, হাতিরঝিল থানার ওসিকে তলব
×

ফাইল ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | ১৯:৪০

রাজধানীর মগবাজার বিশাল সেন্টার মার্কেটে জোর পূর্বক বন্ধ করে দেওয়া পাঞ্জাবির শোরুম ‘নবীন ফ্যাশন’ ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়া নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করা হয়েছে। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। 

ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা মোতাবেক স্বপ্রণোদিত হয়ে আদালত এ আদেশ দেন। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আদালত। 

আদালত তাঁর আদেশে বলেন, একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে দেখা যায়- মগবাজারের বিশাল সেন্টার মার্কেটের ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির শোরুমে বহিরাগত একদল লোক পুলিশসহ উপস্থিত হয়ে দোকান বন্ধ করে দেয়। কিছু ব্যক্তিকে উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখা গেলেও পাশে থাকা পুলিশ সদস্যদের নির্লিপ্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

আদালত বলেন, পুলিশের এমন নির্লিপ্ততা জনমনে ভীতি সৃষ্টি করতে পারে। কেন এ ধরনের আচরণ আইনবহির্ভূত ও পেশাদারিত্ববিরোধী হিসেবে ঘোষণা করা হবে না- হাতিরঝিল থানার ওসিকে তিনদিনের মধ্যে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয়, ঠিকানা আদালতে জমা দেওয়ার জন্য ওসিকে নির্দেশ দেওয়া হয়। 

ঈদুল ফিতরের আগের দিন ২০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, কম দামে পাঞ্জাবি বিক্রি করায় আশপাশের ব্যবসায়ীরা রাজধানীর মগবাজারে ‘নবীন ফ্যাশন’-এর শোরুম জোরপূর্বক বন্ধ করে দেন। কম দামে পণ্য বিক্রি করাকে আপত্তি জানান প্রতিবেশী দোকানদাররা। এরপর ২৪ মার্চ নবীন ফ্যাশনের এমডি হাফেজ এনামুল হাসান সংবাদ সম্মেলনে ব্যবসা গুটিয়ে বিদেশ চলে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান। 

আরও পড়ুন

×