ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

দীর্ঘ ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ

দীর্ঘ ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ | ০৮:১৬ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ | ০৮:৩৫

| প্রিন্ট সংস্করণ

পবিত্র রমজান, শবেকদর, ঈদুল ফিতর, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ৩৭ দিন বন্ধ থাকার পর সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ রোববার।

ছুটি শেষ হয়েছে গত বৃহস্পতিবার। এরপর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি পড়ায় আজ রোববার থেকে পুরোদমে ক্লাসসহ শিক্ষা কার্যক্রম শুরু হবে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এবার নির্বাচন, রোজা ও ঈদের কারণে বছরের প্রথম তিন মাসে শ্রেণি কার্যক্রম কম হয়েছে। এতে শিখনে ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে।  বার্ষিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী, এবার রমজান ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল ৮ মার্চ থেকে।

অভিভাবকদের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ ও পরবর্তী সময়ে নতুন সরকারের সিদ্ধান্তে ১৯ ফেব্রুয়ারি থেকেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এর ফলে ১৭ দিন আগেই ছুটি শুরু হয়ে যায়।

সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রাখা হয়।

এদিকে, প্রাথমিক বিদ্যালয়ে শিখন ঘাটতি কমাতে ঈদের ছুটির পর প্রথম ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেয় সরকার। তবে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। 

আরও পড়ুন

×