বরখাস্ত সেনা কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার
মো. আফজাল নাছের
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ | ১১:৪৭ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ | ১২:২৩
বরখাস্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার গভীর রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।
তিনি জানান, রাজধানীর মিরপুর এলাকা থেকে রোববার গভীর রাতে বরখাস্ত হওয়া লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের কারণ ও বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাননি ডিবির এই কর্মকর্তা।
সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
আফজাল নাছের ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইতে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ৫ নভেম্বর তিনি বরখাস্ত হন। তার বাড়ি নোয়াখালীর সেনবাগে। সেনাবাহিনীর চাকরিতে যোগদান করেন ১৯৮৪ সালের ৪ জুলাই। তিনি মিরপুর ডিওএইচএসের ২ নম্বর এভিনিউয়ের ১২ নম্বর রোডের ৮৬৪ নম্বর বাসায় থাকেন।
এর আগে, গত সোমবার রাতে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি। পল্টন থানার একটি মামলায় তাকে প্রথমে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে নতুন করে রিমান্ড আবেদন করলে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর গত বুধবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়। মিরপুর থানার একটি হত্যা মামলায় আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
- বিষয় :
- সেনা কর্মকর্তা
- ডিজিএফআই
- গ্রেপ্তার
