১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হচ্ছে
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ | ২২:৪৮ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ | ২২:৫৬
কোভিড-১৯ (করোনা) প্রতিরোধে নিম্নমানের মাস্ক, পিপিইসহ অন্যান্য সরঞ্জামাদি ক্রয় এবং বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে ১২ কোটি ৩ লাখ টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতরসহ সংশ্লিষ্ট অন্য প্রতিষ্ঠানের ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ছয়টি মামলা হচ্ছে।
অনুসন্ধান কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. ফারুক হোসেন ও মো. শাহজাহান মিরাজ এরই মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছেন। প্রতিবেদনটি পরীক্ষা-নিরীক্ষা করে মামলার অনুমোদন দেবে কমিশন। এরপর দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ অফিসে মামলা হবে বলে জানা গেছে।
দুদক জানায়, ৩ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাত জনের বিরুদ্ধে প্রথম মামলা, ১ কোটি ৪৮ লাক ৯৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ছয় জনের বিরুদ্ধে দ্বিতীয় মামলা, ৯৩ লাখ ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আট জনের বিরুদ্ধে তৃতীয় মামলা, ৬২ লাখ ৭৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে চতুর্থ মামলা, ২ কোটি ১৬ লাখ ৯৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ সাতজনের বিরুদ্ধে পঞ্চম মামলা এবং ৩ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ষষ্ঠ মামলা হবে। অভিযুক্তদের মধ্যে কারও কারও নাম ছয় মামলাতেই উল্লেখ করা হয়েছে।
মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক প্রকল্প পরিচালক (কোভিড-১৯, ইআরপিপি প্রকল্প) অধ্যাপক ডা. মো. ইকবাল কবির, স্বাস্থ্য অধিদফতরের সাবেক এডিজি (পরিকল্পনা ও গবেষণা) ডা. তাহমিনা জোহরা, অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, সাবেক সহকারী পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ডা. মো. শরিফুল হাসান, সাবেক ডিপিএম (সমন্বয়) ডা. মো. আনোয়ার সাদাত, সাবেক মেডিকেল অফিসার (প্লানিং) ডা. অনির্বাণ সরকার, জাদিদ অটোমোইলসের মালিক কাজী শামীমুজ্জামান, ই-মিউজিকের মাণিলক মো. হোসনী ইয়ামিন, ব্রেইন স্টেশন-২৩ এর মালিক রইসুল কবির, মেসার্স ইনশা ট্রেড করপোরেশনের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিম করপোরেশনের ম্যানেজিং পার্টনার মো. মোস্তফা মনোয়ার ও এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেডের মালিক মো. সাইফুর রহমানকে আসামি করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে।
