এনসিপিকে পার্থ
জেন–জিকে প্রতিনিধিত্ব করুন, জামায়াত জেনারেশন হবেন না
জাতীয় সংসদে আন্দালিভ রহমান পার্থ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ | ২০:১২ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ | ২০:১৬
বিএনপি জোটকে জুলাই বিরোধী হিসেবে দেখানোর পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, ঠিক আওয়ামী লীগ সরকারের কথা মনে পড়ে যায়। আমরা যদি কোন কথা বলতাম, বলত ‘যুদ্ধাপরাধের বিচার চায় না’। জুলাই সনদ নিয়ে সমস্যা নেই। বাস্তবায়ন নিয়ে নিয়ে সমস্যা রয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদে গণভোটে অনুমোদিত ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানে বিরোধী দলের মূলতবি নোটিশের আলোচনায় এসব কথা বলেন বিএনপি জোটের নেতা পার্থ।
তিনি এনসিপি নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘যারা যুদ্ধ করেছেন, যারা এখানে আছেন, তাদেরকেও বলে দিই, আপনারা জেন–জিকে প্রতিনিধিত্ব করুন। জামায়াত জেনারেশন হয়ে যাবেন না।
এসময় সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের বিরোধিতা করেন পার্থ। ৫ আগস্টের পর বিপ্লবী সরকার গঠিত না হওয়ায় সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুন্ন রয়েছে দাবি করে এই এমপি বলেন, আপনারা কোন প্রক্রিয়ায় সনদ বাস্তবায়ন করতে চাইছেন? আমাদের নোট অব ডিসেন্ট (আপত্তি) আগে থেকেই দেওয়া। আপনারা সে সময় বিপ্লবী সরকার করেন নাই কেন? সাধারণ সরকারে গেলেন কেন? অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার করতেন। ছিঁড়ে ফেলে দিতেন সংবিধানকে। নতুন সংবিধান বানাতেন। পুরানো সংবিধানে থেকে আপনারা সংবিধানকেই বাতিল করে দিতে চাচ্ছেন। এটা আসলে হয় না।
পার্থ বলেন, সংবিধান ও জুলাই সনদকে সমন্বয় করে আমাদের এগিয়ে যেতে হবে। যেভাবে সংবিধান সংশোধন করি, সেভাবেই করব। আপনারা বসুন, সেগুলো নিয়ে কথা বলি। গণভোটে ৭০ শতাংশ হ্যাঁ ভোট পড়লেও, সংবিধান পরিবর্তনের জন্য ৫১ শতাংশ জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন।
গণভোটে হ্যাঁ ভোট দিতে জনগণকে বাধ্য করা হয়েছে দাবি করে আন্দালিভ রহমান বলেন, আপনারা জনগণকে বাধ্য করেছেন।
জুলাই গণঅভ্যুত্থানকে শ্রদ্ধা করেন জানিয়ে তিনি বলেন, সংবিধানকে ছুড়ে ফেলব কেন? সংবিধান কি মনে করায় দেয় একাত্তরের পরাজয়ের দলিল? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে?
