ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত নারীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে লিগ্যাল নোটিশ 

মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত নারীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে লিগ্যাল নোটিশ 
×

মুক্তিযুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের একাংশ। ফাইল ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ | ২২:৩৫

মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদ এবং সম্ভ্রম হারানো ২ লাখ নারীর পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করতে এবং তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে জনস্বার্থে সরকারকে আইনী (লিগ্যাল) নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক বরাবর এই আইনী নোটিশ পাঠিয়েছেন।

আগামী ১৫ দিনের মধ্যে ওই ৩০ লাখ শহীদ এবং ২ লাখ নির্যাতিত নারীর একটি সম্পূর্ণ ও যাচাইকৃত জাতীয় তালিকা প্রস্তুত করে আনুষ্ঠানিকভাবে প্রকাশের দাবি জানানো হয়েছে। 

একইসঙ্গে শহীদদের পরিবারের সদস্য এবং জীবিত বা মৃত নির্যাতিত নারীদের পরিবারের সদস্যদের সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণ দিতে একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী জনস্বার্থে রিট মামলা করা হবে বলে সতর্ক করা হয়েছে নোটিশে।

নোটিশে বলা হয়, স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে ৩০ লাখ শহীদ এবং সম্ভ্রম হারানো ২ লাখ নারীর সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে। সরকার যৌক্তিকভাবেই স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা, কোটা ও বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা দিচ্ছে।

“কিন্তু স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও আত্মোৎসর্গকারী শহীদ ও নির্যাতিত নারীদের সুনির্দিষ্ট ও যাচাইকৃত তালিকা প্রকাশ না করা এবং তাদের পরিবারকে ন্যায্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত রাখা একটি গভীর ঐতিহাসিক অবিচার।” এটি ‘সুস্পষ্ট বৈষম্য ও সংবিধানের লঙ্ঘন’। 

আরও পড়ুন

×