সংসদ অধিবেশনে পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর
ছবি : সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ০০:৫৩ | আপডেট: ০১ এপ্রিল ২০২৬ | ০২:০৫
জাতীয় সংসদের অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে, যেখানে অধিবেশন কক্ষে বসে তাকে দেখা গেছে দৈনিক পত্রিকার পাতায় চোখ বুলাতে।
মঙ্গলবার এমন মুহূর্তের একটি ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবিতে দেখা যায়, সংসদের কার্যক্রম চলমান থাকলেও প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদগুলো পর্যালোচনা করছেন।
সংশ্লিষ্টরা বলছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর সম্পর্কে অবগত থাকার অংশ হিসেবেই তিনি পত্রিকা দেখছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদ অধিবেশনের সময় পত্রিকা পর্যালোচনা গণমাধ্যমে প্রকাশিত বিষয়গুলো সম্পর্কে তাৎক্ষণিক ধারণা পাওয়ার একটি উপায় হতে পারে। গণমাধ্যমে উঠে আসা নানা সমস্যা, জনদুর্ভোগ কিংবা নীতিগত প্রশ্নগুলো দ্রুত অনুধাবনের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুযোগ তৈরি হয়।
সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন–সংক্রান্ত আলোচনার জন্য সংসদে ২৯ মার্চ মুলতবি প্রস্তাব এনেছিলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর ও ৭১ বিধির আলোচনা শেষে অন্য কার্যক্রম মুলতবি করে প্রস্তাবটির ওপর আলোচনা হয়।
সরকারি দলের ৩ জনসহ মোট ১১ জন সংসদ সদস্য আলোচনায় অংশ নেন। দুই ঘণ্টার আলোচনা শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মুলতবি প্রস্তাবের ওপর আলোচনা সমাপ্ত ঘোষণা করেন। তবে কোনো সিদ্ধান্ত হয়নি।
এদিন মুলতবি প্রস্তাবের আলোচনায় সরকারি দল বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ‘অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার একটি দলিল’। এই আদেশ সূচনা থেকেই অবৈধ। তাই সংবিধান সংস্কার পরিষদ গঠনের কোনো সুযোগ নেই। তবে সংবিধান সংশোধনের লক্ষ্যে একটি সর্বদলীয় বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে সরকারি দল।
অন্যদিকে বিরোধী দল বলেছে, রাষ্ট্রপতিকে এই আদেশ জারির এখতিয়ার দিয়েছে জুলাই গণ-অভ্যুত্থান। গণভোটের মাধ্যমে যে জনরায় এসেছে, তা গ্রহণ করার মধ্য দিয়ে সংসদ সম্মানিত হবে।
সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাবের জবাবে বিরোধী দল বলেছে, ‘সংস্কার’ নিয়ে যে আলোচনা হয়েছে, এটাকে একটি বিশেষ জায়গায় পৌঁছানোর জন্য বিশেষ কমিটি গঠন করা হলে, সেটা বিবেচনার বিষয় হতে পারত।
