ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষকে স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
আলাদা ফান্ড গঠনের চিন্তা
ছবি : সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ০২:৩৫
দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের এসএমই ঋণ ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বনির্ভর করে তোলার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আয়োজিত মতবিনিময় সভায় এ আশ্বাস দেন তিনি।
মির্জা ফখরুল বলেন, নিজেদের বিচ্ছিন্ন না ভেবে সবাইকে দেশের জনগোষ্ঠীর অংশ মনে করতে হবে। সেই সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐক্য যেন বিনষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। যুদ্ধ-বিগ্রহে আর হিংসায় পৃথিবী অপরিচিত হয়ে যাচ্ছে। তাই সবাইকে ঐক্য ধরে রাখতে হবে।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমস্যা চিহ্নিত করে সমাধান করবে সরকার উল্লেখ করে তিনি বলেন, ‘তারা এ দেশেরই ভূমিপুত্র ও দেশেরই অংশ। ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে আলাদা ফান্ড করার বিষয়টি বিবেচনা করবে সরকার।’
মন্ত্রী বলেন, ‘আমি আশা প্রকাশ করছি, এবার সংরক্ষিত নারী আসনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একজন প্রতিনিধি আসতে পারেন।’ এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় আদিবাসীদের নিয়ে বিশাল সমাবেশের আয়োজন করা হবে জানিয়ে তিনি বলেন, সবাইকে নিয়ে সৌহার্দ্যের বাংলাদেশ গড়ে তুলতে হবে।
জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য বিজন কান্তি সরকার, যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।
