ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রসিকিউটর তানভীর বললেন

ট্রাইব্যুনালের একদিনের সিসিটিভি ফুটেজ হারিয়ে গেছে, উদ্ধার সম্ভব হয়নি

ট্রাইব্যুনালের একদিনের সিসিটিভি ফুটেজ হারিয়ে গেছে, উদ্ধার সম্ভব হয়নি
×

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ২০:১২ | আপডেট: ০১ এপ্রিল ২০২৬ | ২০:১৬

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ের একদিনের সিসি ক্যামেরার ফুটেজ হারিয়ে গেছে। বিষয়টি ইতোমধ্যে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। বুধবার ট্রাইব্যুনালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তানভীর জোহা বলেন, গত বছরের ১৩ অক্টোবরের সিসিটিভি ফুটেজ হারিয়ে গেছে এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমেও তা উদ্ধার করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে দেখা গেছে, সংশ্লিষ্ট হার্ডড্রাইভে পুরনো-নতুন ডিভাইস সংযোজন ও অপসারণের ঘটনা ঘটেছে। সিসলগ ও রেজিস্টার খাতা পর্যালোচনা করেও এ ধরনের অসঙ্গতির প্রমাণ পাওয়া গেছে।

এর আগে প্রসিকিউটর গাজী এম এইচ তামিমের কক্ষে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় আসামি সাবেক এসআই শেখ আবজালুল হকের স্ত্রী টাকার ব্যাগ নিয়ে যান বলে অভিযোগ করেন আরেক প্রসিকিউটর বিএম সুলতান। সেদিন আসলে কী ঘটেছিল তা জানতে সেই দিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে যান ট্রাইব্যুনালের প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা। পরে তিনি দেখতে পান সেই দিনের সিসিটিভি ফুটেজটি হার্ডড্রাইভ থেকে খুঁজে পাওয়া যায়নি। 

তানভীর জোহা জানান, প্রাথমিক অবস্থায় আমরা জানতে পেরেছি সিসলগগুলোতে যে হার্ডড্রাইভগুলো থাকার কথা ছিল, সেখানে পুরনো-নতুন কিছু হার্ডড্রাইভ সংযোজন-বিয়োজন হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মূর্তাজা মজুমদারের হ্যাক হওয়া ফোন ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। তবে সংশ্লিষ্ট হ্যাকারদের শনাক্ত করা গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তদন্তে গত ১১ মার্চ পাঁচ সদস্যের একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। কমিটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন

×