ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জ্বালানি সংকট নিয়ে সংসদে যা বললেন মন্ত্রী

জ্বালানি সংকট নিয়ে সংসদে যা বললেন মন্ত্রী
×

সংসদে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ | ১৮:৩৫ | আপডেট: ০২ এপ্রিল ২০২৬ | ১৮:৩৭

জাতীয় সংসদের প্রশ্নোত্তরে দেশের পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)। সম্পূরক প্রশ্নে তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী একটি বিবৃতি দিয়ে বলেছিলেন, জ্বালানি তেলের সংকট নেই। যারা যাচ্ছেন যথাযথ সেবা পাচ্ছেন। কিন্তু দেখা যাচ্ছে ক্রমান্বয়ে পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আজ (গতকাল) সিলেটের পাম্প বন্ধ হয়ে গেছে। রাস্তায় গাড়ির দীর্ঘ সারি, সবাই প্রত্যাশিত সেবা পাচ্ছে না। কিন্তু দুঃখজনক বিষয়, মন্ত্রীরা এই বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। জ্বালানি মন্ত্রী এই সমস্যাটি স্বীকার করার পরিবর্তে আগের মতো সমস্যা এড়িয়ে যাচ্ছেন।

হাসনাত আব্দুল্লাহ মন্ত্রীর কাছে জানতে চান, উনি (মন্ত্রী) কি দেখতে পাচ্ছেন না যে, গাড়ির দীর্ঘ সারি এবং ক্রমান্বয়ে যে পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে? সেই জায়গাতে উনি কবে নাগাদ এই সমস্যাগুলোর যথাযথভাবে সমাধান দেবেন। 

জবাবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল প্রতিদিন দেওয়ার কথা, সেই পরিমাণ তেল পাম্পগুলোতে সাপ্লাই করা হচ্ছে। কিন্তু ইরান ঘটনার পর থেকে হঠাৎ করে বিক্রি বেড়ে গেছে। বিক্রি বেড়ে যাওয়ার ফলে পেট্রোল পাম্পে যে পরিমাণ তেল দিতাম একদিন দেড় দিন লাগতো তা বিক্রি করতে, এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যায়। এর ফলে মানুষের মধ্যে প্যানিক বায়িং শুরু হয়েছে এবং পাম্পে দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে।

এদিকে প্রশ্নোত্তরের পরে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন এ্যানি ফ্লোর নিয়ে সম্পূরক প্রশ্নে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন। হাসনাত আব্দুল্লাহ তার প্রশ্নে মন্ত্রীরা বলে উল্লেখ করায় তার অধিকার ক্ষুণ্ন (মন্ত্রী সভার একজন সদস্য হিসেবে) হয়েছে উল্লেখ করে এ সংক্রান্ত বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি করেন। জবাবে স্পিকার রুলিং দিয়ে বলেন, মন্ত্রী বললে ঠিক আছে। মন্ত্রীরা বলে থাকলে ‘রা’ এক্সপাঞ্জ হবে।

আরও পড়ুন

×