অনুসন্ধানী সাংবাদিকতা
টিআইবির ফেলোশিপ পেলেন সমকালের দেলওয়ারসহ ৫ সাংবাদিক
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ | ২২:৩১ | আপডেট: ০২ এপ্রিল ২০২৬ | ২২:৪৬
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ পেয়েছেন দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার দেলওয়ার হোসেনসহ পাঁচ সাংবাদিক।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক অনুষ্ঠানে পাঁচ সাংবাদিকের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
‘সরকারি শিশু দিবাযত্ন কেন্দ্রে সেবার সংকট’ এবং ‘প্রকল্পের ২০ শিশু দিবাযত্ন কেন্দ্রেও নানা অনিয়ম’ প্রতিবেদন দুটির জন্য টিআইবির এই ফেলোশিপ পেয়েছেন দেলওয়ার হোসেন।

ফেলোশিপজয়ী অন্য চারজন হলেন- চ্যানেল টুয়েন্টিফোরের স্পেশাল করেসপনডেন্ট ইমদাদুল হক, ডেইলি সানের সিনিয়র রিপোর্টার রাশিদুল হাসান, জাগো নিউজ টুয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার মুহাম্মদ সালাহ উদ্দিন ও স্টার নিউজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ ওমর ফারুক।
অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ কার্যক্রম টিআইবি ১৪ বছর ধরে পরিচালনা করছে। এর মূল লক্ষ্য বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধ করা। দুর্নীতিবিরোধী কার্যক্রম সহজ নয়। কাজটা সমালোচনা মূলক। ফলে সহায়ক পরিবেশ সব সময় থাকে না।
তিনি বলেন, টিআইবি ও গণমাধ্যম একই পথের পথিক। আমরা একই কাজ করি। আগামীতে যারা ফেলোশিপ পাবেন তাদের এ বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হবে।
এই ফেলোশিপের মেন্টর ছিলেন সিনিয়র সাংবাদিক শাহনাজ মুন্নী, পতাকা নিউজের সম্পাদক তৌহিদুর রহমান ও এমআরডিআইয়ের ইনভেস্টিগেটিভ জার্নালিজম হেল্পডেস্কের প্রধান বদরুদ্দোজা বাবু।

অনুষ্ঠানে বক্তব্য দেন সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, চ্যানেল টুয়েন্টিফোরের নির্বাহী পরিচালক জহিরুল আলম, ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম, জাগো নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক কে এম জিয়াউল হক, স্টার নিউজের হেড অফ নিউজ ওয়ালিউর রহমান মিরাজ, ডেইলি সানের উপসম্পাদক মুনির হোসাইন, স্টার নিউজের হেড অফ ইনপুট আসিফ জাহাঙ্গীর।
এ সময় আরও উপস্থিত ছিলেন টিআইবির টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও ডেপুটি কো-অর্ডিনেটর মাসুম বিল্লাহ প্রমুখ।
এবছর বিভিন্ন গণমাধ্যম থেকে ২৭টি প্রতিবেদনের প্রস্তাব এসেছিল। এরমধ্যে ৫ জন সাংবাদিক তাদের অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এ ফেলোশিপ পেয়েছেন।
