ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্বাস্থ্যকর্মীদের দাবি নিষ্পত্তিতে কমিটি

স্বাস্থ্যকর্মীদের দাবি নিষ্পত্তিতে কমিটি
×

স্বাস্থ্যখাতে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মীদের দাবি-দাওয়া সমাধানে সচিবালয়ে বৈঠক

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ | ১৬:২০ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ | ১৬:২১

স্বাস্থ্যখাতে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মীদের দীর্ঘদিনের দাবি-দাওয়া ও বঞ্চনার বিষয়গুলো সমাধানে ১৫ দিনের মধ্যে সুপারিশ দিতে একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের নির্দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, স্যানিটারি ইন্সপেক্টর, পোর্টারসহ বিভিন্ন পদের কর্মীদের প্রতিনিধিরা অংশ নেন।

স্বাস্থ্যকর্মীদের প্রতিনিধিরা বৈঠকে তাদের দীর্ঘদিনের পেশাগত বঞ্চনার বিষয়গুলো তুলে ধরেন। তারা জানান, টেকনিক্যাল কাজ ও প্রশিক্ষণ থাকা সত্ত্বেও তাদের সেই স্বীকৃতি নেই, পদোন্নতির সুযোগ সীমিত এবং বেতন গ্রেড উন্নয়নের দাবি দীর্ঘদিন ধরে ঝুলে আছে। তাদের অনেকেরই বর্তমান মূল বেতন কাঙ্ক্ষিত গ্রেডের চেয়েও বেশি হওয়ায় গ্রেড উন্নয়ন করলে সরকারের অতিরিক্ত আর্থিক চাপ পড়বে না বলেও তারা উল্লেখ করেন। পাশাপাশি পোর্টার পদে কর্মরতদের বকেয়া ভাতা পরিশোধের দাবি জানান।

সভাপতির বক্তব্যে স্বাস্থ্যসচিব বলেন, স্বাস্থ্যকর্মীদের দাবি-দাওয়া সম্পর্কে সরকার অবগত। সেগুলো বিবেচনায় নেওয়া হবে। তিনি আসন্ন জরুরি হাম টিকাদান কর্মসূচি সফল করতে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে দাবি-দাওয়ার বিষয়গুলো টিকাদান কর্মসূচি থেকে আলাদা রাখার আহ্বান জানান।

বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হানকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য হিসেবে রয়েছেন পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি, উপপরিচালক (হাসপাতাল) ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী এবং সংশ্লিষ্ট পাঁচটি সংগঠনের প্রতিনিধি।

কমিটিকে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সুপারিশ জমা দিতে বলা হয়েছে। বৈঠকে অংশ নেওয়া স্বাস্থ্যকর্মীরা তাদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়ায় স্বাস্থ্যমন্ত্রী ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা আসন্ন জরুরি হাম টিকাদান কর্মসূচি সফল করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন

×