বাংলাদেশ মহিলা পরিষদ
রাজবাড়ী ও ফরিদপুরে দুই গৃহবধূ ধর্ষণে গভীর উদ্বেগ ও ক্ষোভ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ | ০৮:২০
| প্রিন্ট সংস্করণ
রাজবাড়ীর পাংশা ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পৃথক ঘটনায় সংঘবদ্ধ চক্রের হাতে দুই গৃহবধূ ধর্ষণের শিকার হওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ মহিলা পরিষদ নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার সংগঠনটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
এতে বলা হয়েছে, গত সোমবার রাজবাড়ীর পাংশা উপজেলার মৈশালা বাসস্ট্যান্ড থেকে এক নারীকে মাইক্রোবাসে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে সংবদ্ধ দুর্বৃত্তরা। নির্যাতনের শিকার নারীর বাড়ি কুষ্টিয়া। এদিন কাজ শেষে কুষ্টিয়ায় বাড়ি ফেরার জন্য ওই নারী পাংশার মৈশালা বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় সাদা রঙের একটি মাইক্রোবাসে অভিযুক্ত হাসিবুর রহমান ওরফে অন্তর, মো. বরকত মুন্সী ও রাশেদুজ্জামান রাশেদ তাঁকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে পাংশা উপজেলার কুলটিয়া এলাকাসহ বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করতে থাকে। এ সময় অভিযুক্ত তিনজন পালাক্রমে মাইক্রোবাস চালাতে থাকে এবং পেছনের সিটে ওই নারীকে ধর্ষণ করে। অপরদিকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় সংঘবদ্ধ একটি চক্রের ধর্ষণের শিকার হন অপর এক গৃহবধূ। অভিযুক্ত নাহিদ, সাদ্দাম, নাজমুল ও নূর আলম ওই গৃহবধূকে ফসলের মাঠে নিয়ে ধর্ষণ করে। এ সময় গৃহবধূর সঙ্গে থাকা এক জোড়া সোনার দুল ও সাড়ে তিন হাজার টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, দেশের বিভিন্ন স্থানে নারী ও কন্যার প্রতি ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। কর্মস্থলসহ বিভিন্ন জায়গায় যাতায়াতের পথে, জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটছে। এ ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে নারীর নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে।
- বিষয় :
- বাংলাদেশ মহিলা পরিষদ
