ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থিরা জয়ী

বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থিরা জয়ী
×

বরিশাল ব্যুরো ও ফরিদপুর অফিস

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ | ০৮:৪৯

| প্রিন্ট সংস্করণ

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছেন বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা। নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি আওয়ামী লীগপন্থি আইনজীবীদের। তারা আদালতে মামলা করেও প্রতিকার পাননি।

গত বৃহস্পতিবারের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন জেলার পিপি আবুল কালাম আজাদ। তিনি পেয়েছেন ৪৩৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতপন্থি প্যানেলের সালাউদ্দিন মাসুম পেয়েছেন ২৩৪ ভোট। সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী ফোরামের আবুল কালাম আজাদ ইমন পেয়েছেন ৪৯০ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতপন্থি মো. ফরিদ উদ্দিন পেয়েছেন ১৪৫ ভোট।
নির্বাচনে ৯৭৩ জন ভোটারের মধ্যে ৬৬৮ জন ভোট দিয়েছেন। আওয়ামী লীগ ও বামপন্থি হিসেবে পরিচিত আইনজীবীরা ভোট দিতে যাননি। সমিতির তপশিল অনুযায়ী গত ৬ মার্চ মনোনয়পত্র বিক্রি হয়। সেদিন সমিতির নির্বাচন কমিশন কার্যালয় ঘিরে রেখে আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেন বিএনপিপন্থি আইনজীবীরা। আওয়ামী লীগ ও জামায়াতপন্থি আইনজীবীরা মনোনয়পত্র কিনতে গেলে তাদের কমিশন কক্ষে ঢুকতে দেওয়া হয়নি। এতে হট্টগোল হলে শেষ পর্যায়ে শুধু জামায়াত প্রার্থীদের মনোনয়নপত্র দেওয়া হয়। তপশিল বাতিল চেয়ে আওয়ামী লীগপন্থি সম্ভাব্য তিন প্রার্থী আদালতে মামলা করেছিলেন।

মামলা দায়েরকারী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলুর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল আলম দুলাল বলেন, বিগত আওয়ামী লীগ আমলে আইনজীবী সমিতি কুক্ষিগত করার জন্য গঠনতন্ত্রে পরিবর্তন আনা হয়। এতে উল্লেখ করা হয়েছে, সমিতির বিষয়ে আদালতে যাওয়া যাবে না। যে কারণে নির্বাচন নিয়ে নিষেধাজ্ঞা চাইলে আদালত দিতে পারেননি। তাঁর অভিযোগ, শুধু আওয়ামী লীগপন্থিরাই নন, বিএনপিপন্থি অনেক জ্যেষ্ঠ আইনজীবী প্রার্থী হতে চাইলেও তাদের মনোনয়ন ফরম কিনতে দেওয়া হয়নি। 

ফরিদপুরে ৬টিতে বিএনপি জয়ী
ফরিদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৫টি পদের মধ্যে ছয়টিতে বিএনপিপন্থিরা জিতেছেন। চারটি করে পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ ও জামায়াত সমর্থিত প্রার্থীরা।
গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। বিকেল ৪টা থেকে ভোট গণনা শুরু হয়। রাত ১০টায় নির্বাচনী ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার দিনেশ চন্দ্র দাস।

সভাপতি পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) লিয়াকত আলী খান বুলু। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিজয়ী প্রার্থীরা হলেন– সাধারণ সম্পাদক পদে মো. জসিম উদ্দিন মৃধা, সম্পাদক (অডিট) শেখ মো. সেলিমুজ্জামান রুকু, সম্পাদক (প্রচার, প্রকাশনা ও গ্রন্থাগার) 
বিদ্যুৎ কুমার চৌধুরী এবং নির্বাহী সদস্য পদে নির্মল চন্দ্র দাস, মো. আবু নাঈম জুয়েল ও মো. রকিবুল ইসলাম বিশ্বাস।
নির্বাচনে জয়ী আওয়ামী লীগপন্থি আইনজীবীরা হলেন– সহসভাপতি মো. জালাল উদ্দিন, সম্পাদক (ক্রীড়া সংস্কৃতি ও আপ্যায়ন) মেহেদী হাসান টিটো এবং নির্বাহী সদস্য পদে শাহ মো. আবু জাফর ও মো. এনায়েত হোসেন।
জামায়াতপন্থি বিজয়ীরা হলেন– সহসভাপতি মতিউর রহমান নিজামী, সহসম্পাদক মো. রেজাউল হোসাইন শামীম, সম্পাদক (অর্থ) মো. সরোয়ার হোসেন এবং সম্পাদক (তথ্য প্রযুক্তি রক্ষণাবেক্ষণ) মোহা. মাসুম মিয়া।

আরও পড়ুন

×