ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শাহজালালে হয়রানিমুক্ত কার্গো ব্যবস্থাপনা বাস্তবায়নের নির্দেশ মন্ত্রীর

শাহজালালে হয়রানিমুক্ত কার্গো ব্যবস্থাপনা বাস্তবায়নের নির্দেশ মন্ত্রীর
×

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ | ১৬:৪৯

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেবার মানোন্নয়নে হয়রানিমুক্ত কার্গো ব্যবস্থাপনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। গতকাল রোববার বিমানবন্দরের সার্বিক কার্যক্রম তদারকির লক্ষ্যে আকস্মিক পরিদর্শন করে কর্মকর্তাদের তিনি এ নির্দেশনা দেন। এ সময় মন্ত্রী দ্রুত বোয়িং ৭৮৭ উড়োজাহাজের  হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করারও নির্দেশ দেন। গতকাল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী বিমানবন্দরের কার্গো টার্মিনালের কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে সঠিক নিয়ম অনুসরণ করে দ্রুত ও হয়রানিমুক্তভাবে পণ্য খালাস নিশ্চিত করার নির্দেশনা দেন। এ সময় মন্ত্রী বলেন, নতুন গণতান্ত্রিক সরকারের অধীনে কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে এবং যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

পরে মন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হ্যাঙ্গার কমপ্লেক্স পরিদর্শন করেন এবং ফ্লাইটের কারিগরি ত্রুটির বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের দ্রুত কেন্দ্রীয় হাইড্রলিক 

সিস্টেম মেইনটেন্যান্স কার্যক্রম সম্পন্ন করে বিমানটিকে পুনরায় উড্ডয়নের উপযোগী করার নির্দেশ দেন।

এ সময় মন্ত্রী বিমানের কেবিন ও ককপিট পরিদর্শন করে বিভিন্ন যন্ত্রপাতি ও প্যানেলের কার্যকারিতা পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল ও বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×