ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সম্মিলিত পরিষদের ব্যানারে নির্বাচন করতে চান আ.লীগ সমর্থিত আইনজীবীরা

সুপ্রিম কোর্ট ও ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন

সম্মিলিত পরিষদের ব্যানারে নির্বাচন করতে চান আ.লীগ সমর্থিত আইনজীবীরা
×

 শাহেদ চৌধুরী

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ | ০৮:০৪ | আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ | ০৮:১১

| প্রিন্ট সংস্করণ

আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা ‘সম্মিলিত আইনজীবী পরিষদের’ ব্যানারে সুপ্রিম কোর্ট ও ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন করবেন। ২০১৭ সাল থেকে তারা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে এই নির্বাচন করেছেন। 

প্রায় তিনশ আইনজীবীর অংশগ্রহণে অনুষ্ঠিত অনলাইন বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের তারিখ ঘোষণার পর বৈঠক হয়। 
গত ২৫ ফেব্রুয়ারির ওই বৈঠকে অংশ নেওয়া বেশ কয়েকজন আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে সমকালকে বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের অনেকে গ্রেপ্তার হয়েছেন। অনেকে আদালতে আসছেন না। এই অবস্থায় সুপ্রিম কোর্ট ও ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনকে সামনে রেখে সবাইকে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

বৈঠকে অংশ নিয়ে আইনজীবীরা ‘নিজেদের মধ্যকার সব ভুল-ভ্রান্তি’ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ওপর গুরুত্ব আরোপ করেন। এক পর্যায়ে ওই বৈঠকে শেখ হাসিনা যোগ দেন। এক পর্যায়ে তিনি ইউসুফ হোসেন হুমায়ুন ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদকে ‘ভুয়া’ বলে অভিহিত করেন। কারণ, তারা ৯ বছরেও কোনো কমিটি করতে পারেননি। 

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ গঠন করা হয় ২০১৭ সালের ২১ মে। চার মাসের মধ্যে এই পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে সাংগঠনিক নির্দেশনা থাকলেও ৯ বছরেও তা পূর্ণতা পায়নি। সংগঠনটির আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন শারীরিকভাবে অসুস্থ। সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দেশ ছেড়েছেন। 

আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা মনে করছেন, সম্মিলিত আইনজীবী পরিষদের ব্যানারে নির্বাচন করলে বাড়তি সুবিধা পাওয়া যাবে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে অভিমান করে দূরে থাকা বাম ঘরানার আইনজীবীদের কাছে টানা যাবে। আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে নির্বাচন সংকট তৈরি করতে পারে। 
ওই বৈঠকের পর কয়েকজন আইনজীবী সম্মিলিত পরিষদের ব্যানারে সুপ্রিম কোর্ট ও ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণের কাজ শুরু করেছেন। গতকালও তারা বৈঠক করেছেন। আবু সাঈদ সাগরের সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন রবিউল আলম বুদু, শফিক উল্লাহ, আজহার উল্লাহ ভুঁইয়া, এবিএম রিয়াজুল কবির কাওছার, আবদুল আলিম জুয়েল, মোতাহার হোসেন সাজু, ব্যারিস্টার সাজ্জাদ হোসেন প্রমুখ। 

জানতে চাইলে এবিএম রিয়াজুল কবির কাওছার সমকালকে জানান, নির্বাচনের পরিবেশ, সম্ভাব্য বাধা ও প্রস্তাবিত প্যানেল নিয়ে আলোচনা হয়েছে। কোনো কারণে প্যানেল গঠন করা সম্ভব না হলে বিকল্প হিসেবে স্বতন্ত্র নির্বাচন করার কথা হয়েছে। 

আগামী ১৩-১৪ মে অনুষ্ঠেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি, সহসভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, সহ-সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ইতোমধ্যে ৭২ জন আইনজীবী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। আর নির্বাচনকেন্দ্রিক জটিলতা এড়ানোর জন্য আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের কেউ কেউ ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সম্মিলিত আইনজীবী পরিষদের ব্যানারে নির্বাচন সম্ভব না হলে স্বতন্ত্র প্রার্থী হবেন।

এখন পর্যন্ত সভাপতি পদে প্রার্থীর তালিকায় রয়েছেন জেডআই খান পান্না, আবু সাঈদ সাগর, রবিউল আলম বুদু, এসএম আবুল হোসেন ও আজহার উল্লাহ ভুঁইয়া। সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, নুরুন নবী বুলবুল, ব্যারিস্টার মাসুদ হোসেন দোলন, মোতাহার হোসেন সাজু, ব্যারিস্টার মোকসেদুল ইসলাম, আসাদুজ্জামান মুনির, রমজান আলী শিকদার, শেখ সিরাজুল ইসলাম, মুশফিকুর রহমান সবুজ ও রফিকুল ইসলাম হিরু।

সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার সাজ্জাদ হোসেন সমকালকে জানিয়েছেন, সভাপতি ও সম্পাদক পদে প্রার্থিতা চূড়ান্ত করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে সভাপতি ও সম্পাদক পদের দুই প্রার্থী সিনিয়র আইনজীবীদের পরামর্শ নিয়ে সহসভাপতি, কোষাধ্যক্ষ, সহসম্পাদক ও কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থিতা চূড়ান্ত করবেন। 
২০২৪ সালের ৬-৭ মার্চে অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এমপিসহ তিন কার্যনির্বাহী সদস্য পদে বিএনপি সমর্থকরা জয় পান। সম্পাদক পদে শাহ মঞ্জুরুল হকসহ সহসভাপতি, কোষাধ্যক্ষ, সহসম্পাদক ও কার্যনির্বাহী পদসহ ১০টি পদে বিজয়ী হন আওয়ামী লীগ সমর্থকরা। গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সমর্থকরা আত্মগোপনে চলে গেলে গঠন হয় অ্যাডহক কমিটি। 

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা 
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের অংশগ্রহণ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানতে চাইলে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত একজন সাবেক নির্বাচন কমিশনার জানান, অতীতে নির্বাচন কমিশন গঠনের বেলায় রাজনৈতিক ভারসাম্য থাকলেও এবার নেই। এই জন্য ২৯-৩০ এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচনে সবার অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে।

তপশিল অনুযায়ী, আগামী ৫, ৬ এবং ৭ এপ্রিল মনোনয়নপত্র বিতরণ, দাখিল ও গ্রহণের দিন ধার্য করা হয়েছে। মনোনয়নপত্র বাছাই করা হবে ৮ এপ্রিল। প্রার্থীদের নামের তালিকা ৯ এপ্রিল প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১২ এপ্রিল। 

অভিযোগ রয়েছে, মামলা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের অনেককে প্রার্থী হতে নিরুৎসাহিত করা হচ্ছে। এমন অবস্থায় তাদের কেউ কেউ দলীয় ব্যানারের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। কোনো কারণে স্বতন্ত্র প্রার্থী না হতে পারলে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিকল্প চিন্তাও করা হচ্ছে। 
২০২৪ সালের ২৭-২৮ ফেব্রুয়ারি ঢাকা আইনজীবী সমিতির সর্বশেষ নির্বাচনে ২৫টি পদের মধ্যে সভাপতি পদে আবদুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে শাহাদাত হোসেন শাওনসহ ২১টি পদে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা।

আরও পড়ুন

×