বাসসের এমডি হলেন সাংবাদিক কামাল উদ্দিন মজুমদার
মো. কামাল উদ্দিন মজুমদার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ | ২০:০৯
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে মো. কামাল উদ্দিন মজুমদারকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এই নিয়োগ কার্যকর থাকবে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, মো. কামাল উদ্দিন মজুমদারকে এই দায়িত্ব গ্রহণের আগে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।
নিয়োগের অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে বলেও জানানো হয়েছে।
এতে বলা হয়, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেন উপসচিব মো. গোলাম রাব্বানী।
