ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সংসদে মন্ত্রী

নির্যাতনের শিকার নারী-শিশুকে সহায়তায় ৬ বিভাগে সেল ও সেফ হোম আছে  

নির্যাতনের শিকার নারী-শিশুকে সহায়তায় ৬ বিভাগে সেল ও সেফ হোম আছে  
×

মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ১৫:৫৪

নির্যাতনের শিকার নারী ও শিশুকে সহায়তার জন্য ৬টি বিভাগীয় শহরে নারী নির্যাতন প্রতিরোধ সেল এবং নির্যাতিত নারীদের সাময়িক অবস্থানের জন্য ‘সেফ হোম’ রয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে সরকার দলীয় এমপি সুলতান মাহমুদ বাবুর প্রশ্নের জবাবে এ কথা জানান মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।  

সংসদে মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী বলেন, নির্যাতনের শিকার নারী ও শিশুকে তাৎক্ষণিক সহায়তা প্রদানের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ৬টি বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট) নারী নির্যাতন প্রতিরোধ সেল এবং নির্যাতিত নারীদের সাময়িক অবস্থানের জন্য ‘সেফ হোম’ রয়েছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল টোলফ্রি হেল্পলাইন-১০৯ হেল্প লাইনের মাধ্যমে প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৮৭ লাখ ৮ হাজার ১৪৯টি কলে সেবা প্রদান করা হয়েছে। 

তিনি জানান, বর্তমানে ১৪টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) স্থাপন করা হয়েছে। ফেব্রুয়ারি পর্যন্ত ৮০ হাজার ৩৯৫ জনকে চিকিৎসা, আইনী, পুলিশি ও মনোসামাজিক কাউন্সেলিং সেবা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে মোট ৩৭টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার স্থাপন করা হবে।

মন্ত্রী জানান, বর্তমানে ৬৭টি ওয়ান স্টপ ক্রাইসিস সেলের মাধ্যমে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এক লাখ ৬৬ হাজার ৫৭০ জন নির্যাতনের শিকার নারী ও শিশু প্রয়োজনীয় সেবা গ্রহণ করেছেন। দেশে ৭টি বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৪০ হাজার ৪০৫ নমুনার ডিএনএ প্রোফাইলিং করা হয়েছে।

আরও পড়ুন

×