ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পথশিশুদের জন্য বিনামূল্যে আইসিইউ সেবা চালু

পথশিশুদের জন্য বিনামূল্যে আইসিইউ সেবা চালু
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ১৭:৩৪

দেশজুড়ে হামের প্রাদুর্ভাবে শিশুদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সংকট তীব্র আকার ধারণ করেছে। এই প্রেক্ষাপটে পথশিশুদের জন্য প্রথমবারের মতো বিনামূল্যে আইসিইউ সেবা চালুর উদ্যোগ নিয়েছে ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন (ডিএমএনএফ)। সংশ্লিষ্টরা বলছেন, এটি দেশের স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ ও মানবিক পদক্ষেপ।

রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ নিওনেটাল হাসপাতালের নতুন এই আইসিইউ সুবিধার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, এই উদ্যোগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও বঞ্চিত শিশুদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করবে। এটি অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার লক্ষ্যে সরকারের উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, এমন সংকটময় সময়ে এই মানবিক উদ্যোগ জাতি দীর্ঘদিন মনে রাখবে। তিনি এই উদ্যোগের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতির কথাও উল্লেখ করেন।

বিশ্ব পথশিশু দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে পরিত্যক্ত নবজাতকদের পুনর্বাসন নিয়েও আলোচনা হয়। এক আবেগঘন মুহূর্তে প্রতিমন্ত্রী তিন উদ্ধারকৃত নবজাতক ফালাক, আনাবিয়া ও মিনহাকে নতুন অভিভাবকদের কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমএনএফের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান। তিনি পথশিশু ও নবজাতকদের সুরক্ষায় কয়েকটি নীতিগত সংস্কারের প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে শরিয়াহসম্মত মানব দুধ ব্যাংক অনুমোদন, সমন্বিত সেবার জন্য ‘নিউবর্ন হাব’ প্রতিষ্ঠা এবং দত্তক গ্রহণ প্রক্রিয়া সহজীকরণ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব প্রস্তাব পর্যালোচনা করে নবজাতকদের টেকসই সুরক্ষা নিশ্চিতের আশ্বাস দেন।

আরও পড়ুন

×