সেফগার্ডিং ও পিএসএইচইএ সচেতনতা সপ্তাহ শুরু
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ১৮:৫২
‘সেফগার্ডিং’ ও ‘পিএসএইচইএ’ সচেতনতা সপ্তাহ-২০২৬ উপলক্ষে ১২ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ৭ দিনব্যাপী কর্মসূচি শুরু করেছে অপরাজেয় বাংলাদেশ।
রোববার সংগঠনটির প্রধান কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটির চেয়ারম্যান আলেয়া আনিস, নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু স্বপ্না এবং পরিচালক (কর্মসূচি) মো. হুমায়ুন কবিরসহ অন্যান্য কর্মকর্তারা।
চেয়ারম্যান আলেয়া আনিস বলেন, সেফগার্ডিং সচেতনতা কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি সামাজিক আন্দোলন। সবার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে নিরাপদ ও সুরক্ষিত সমাজ গড়ে তোলা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু স্বপ্না বলেন, সেফগার্ডিং বা নিরাপত্তা নিশ্চিতকরণ বিশেষ করে শিশু, নারী এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এই সচেতনতা সপ্তাহের লক্ষ্য হলো মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, দায়িত্ববোধ জাগ্রত করা এবং একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।
তিনি আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে নীরব না থেকে প্রতিবাদ করা এবং অন্যের নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসা সবার দায়িত্ব। একটি ছোট সচেতনতাই কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
সপ্তাহব্যাপী এ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রকল্পে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়েছে।
- বিষয় :
- সেফগার্ডিং
- শিশু
- নারী
- সুরক্ষা
