ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অটোমোবাইল ওয়ার্কশপ মালিকদের হুঁশিয়ারি

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করলে দেশের সব ওয়ার্কশপ বন্ধ 

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করলে দেশের সব ওয়ার্কশপ বন্ধ 
×

বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির সংবাদ সম্মেলন। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ২১:০২

রাজধানীর মতিঝিল-কমলাপুর এলাকার ১৭২টি অটোমোবাইল ওয়ার্কশপ উচ্ছেদ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি। সংগঠনটির নেতারা বলেছেন, তাদের পুনর্বাসন করা ছাড়া ওয়ার্কশপগুলো উচ্ছেদ করা হলে সারাদেশে একযোগে সব ওয়ার্কশপ বন্ধ রাখা হবে। 

রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ওয়ার্কশপ মালিকরা। সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব রফিকুল ইসলামসহ ঢাকা মহানগর ও দেশের বিভিন্ন জেলার ওয়ার্কশপ মালিকরা উপস্থিত ছিলেন।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম বলেন, এই সমিতি বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধনভুক্ত ও এফবিসিসিআইর অধিভুক্ত বাণিজ্য সংগঠন। মতিঝিল ও কমলাপুর এলাকায় সমিতির আওতায় ১৭২টি অটোমোবাইল ওয়ার্কশপ রয়েছে। এসব ওয়ার্কশপে পাঁচ হাজারের বেশি শ্রমিক কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে। যার সঙ্গে জড়িত কয়েকশ পরিবার।

তিনি বলেন, অটোমোবাইল ওয়ার্কশপগুলো দেশের যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি ওয়ার্কশপ শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়, বরং এটি একটি স্বয়ংসম্পূর্ণ প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে উদ্যোক্তাদের নিজস্ব অর্থায়নে প্রতি বছর শত শত দক্ষ কারিগর তৈরি করা হয়। এই দক্ষ জনশক্তি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে এবং রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

জাহাঙ্গীর আলম বলেন, মতিঝিল-কমলাপুর এলাকায় প্রায় ২৫ বছর ধরে গ্রাহকদের সেবা দিয়ে আসছে ওয়ার্কশপগুলো। হঠাৎ এগুলো উচ্ছেদ করা হলে হাজার হাজার শ্রমিক, কর্মচারী ও তাদের পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়বে। একইসঙ্গে দেশের চলমান যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সংবাদ সম্মেলনে ওয়ার্কশপ মালিকরা বলেন, এই খাতের উদ্যোক্তারা নিয়মিতভাবে ভ্যাট ও ট্যাক্স দিয়ে সরকারের রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানবিক ও বাস্তবতা বিবেচনায় উচ্ছেদ কার্যক্রম অবিলম্বে স্থগিত রাখতে হবে। অন্য জায়গায় সরিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। একই সঙ্গে ওয়ার্কশপগুলো পরিকল্পিতভাবে পুনর্বাসনের মাধ্যমে এই খাতকে শক্তিশালি করতে হবে। 

এসব দাবি জানিয়ে তারা বলেন, ওয়ার্কশপ মালিক-শ্রমিকদের এসব দাবি না মানলে সারাদেশে বিদ্যমান ৩০ হাজার ব্যবসায়ী একযোগে ওয়ার্কশপ বন্ধ রাখবে। দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। 
 

আরও পড়ুন

×