ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হামের টিকা ক্রয় নিয়ে দুদকে অভিযোগ, অভিযুক্ত সাবেক প্রধান উপদেষ্টাও

হামের টিকা ক্রয় নিয়ে দুদকে অভিযোগ, অভিযুক্ত সাবেক প্রধান উপদেষ্টাও
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ | ২২:১৮ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ | ২২:২০

হামসহ শিশুদের অন্যান্য রোগের টিকা, সিরিঞ্জ কেনায় অনিয়ম দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে অভিযোগটি জমা দেন। 

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নুরজাহান বেগমের বিরুদ্ধে হামসহ শিশুদের অন্যান্য রোগের টিকা, সিরিঞ্জ ক্রয়ে দুর্নীতি অভিযোগ করা হয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, অভিযোগটি গতকাল দুদকে জমা পড়েছে। বর্তমানে কমিশন নেই। নতুন কমিশন যোগ দিলে আইন অনুযায়ী অভিযোগটি যাচাই-বাছাই করা হবে। সব প্রক্রিয়া শেষে এটি কমিশনে উপস্থাপন করা হবে। কমিশন পরীক্ষা-নিরীক্ষা করে অভিযোগটি অনুসন্ধান করা হবে কিনা- এ ব্যাপারে সিদ্ধান্ত দেবে।   

জানা গেছে, হামসহ শিশুদের অন্যান্য রোগের টিকা ক্রয়ের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ থাকার পরও সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে শিশুরোগের টিকাসহ অন্যান্য ওষুধ কেনা হয়নি। তাদের অবহেলা, উদাসীনতার কারণে এখন হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে বহুসংখ্যক শিশু মারা গেছে। 

টিকা ক্রয়ে অব্যবস্থাপনা, দুর্নীতির অভিযোগের তদন্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাবেক প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার জন্য এরই মধ্যে তাদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে।  

আজ দুদকে জমা দেওয়া অভিযোগে বলা হয়, বিগত অন্তর্বর্তী সরকার টিকা ক্রয়ের পদ্ধতিতে একটা পরিবর্তন আনে। এই কারণে স্বাস্থ্য খাতে প্রায় ৪২ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ থাকার পরও সময়মত হামসহ অন্যান্য রোগের টিকা ক্রয় এবং শিশুর টিকা দিতে ব্যর্থ হয় বিগত সরকার। সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নুরজাহান বেগম কোনভাবেই এর দায় এড়াতে পারেন না।

আরও পড়ুন

×