সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিয়ে শঙ্কা
উপসচিবের পদায়নে চারবার চিঠি, নাখোশ জনপ্রশাসন
আসলাম উদ্দিন
দেলওয়ার হোসেন
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ | ০৮:১৬ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ | ০৯:২৩
| প্রিন্ট সংস্করণ
এক উপসচিবকে ধর্ম মন্ত্রণালয়ে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চারবার চিঠি দেওয়া হয়েছে। হজ ব্যবস্থাপনা কাজে সম্পৃক্ত করতে তাঁর পদায়ন চেয়ে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় তাতে সাড়া দিচ্ছে না।
উপসচিবের নাম আসলাম উদ্দিন। তিনি চার বছর পাঁচ মাস সৌদি আরবে বাংলাদেশ হজ অফিসে জেদ্দা কনসাল (হজ) হিসেবে দায়িত্ব পালন শেষে গত ৩ ফেব্রুয়ারি ধর্ম মন্ত্রণালয়ে যোগ দেন। নিয়ম অনুযায়ী, জেদ্দা থেকে প্রত্যাহারের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত জনপ্রশাসনে যোগ দিতে হয়। কিন্তু তিনি জনপ্রশাসনে যোগ দেওয়ার আগেই ধর্ম মন্ত্রণালয়ে পদায়নের জন্য চিঠি পাঠানো হয়।
ধর্ম মন্ত্রণালয়ের চিঠি পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়, আসলাম উদ্দিন জনপ্রশাসনে এখনও যোগ দেননি। আগে তাঁকে এ মন্ত্রণালয়ে যোগ দিতে হবে, পরে পদায়নের সিদ্ধান্ত। পরবর্তী পদায়নের লক্ষ্যে এক মাস পর গত ৫ মার্চ জনপ্রশাসনে যোগ দিতে ধর্ম মন্ত্রণালয় থেকে অবমুক্ত করা হয়।
সংশ্লিষ্টরা জানান, গত ৯ মার্চ ধর্ম মন্ত্রণালয়ে পদায়নের জন্য জনপ্রশাসনে দ্বিতীয় দফা চিঠি দেওয়া হয়। তবে জনপ্রশাসন ১৫ মার্চ তাঁকে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের (সিই/পূর্ব) প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য রেলপথ মন্ত্রণালয়ে ন্যস্ত করে। পরে গত ১৬ মার্চ পদায়নের এই আদেশ বাতিলের জন্য চিঠি দেওয়া হয়। পদায়ন বাতিলের চিঠি পেয়ে ওই কর্মকর্তার বিষয়ে দুটি সংস্থাকে দিয়ে তদন্ত করে জনপ্রশাসন।
সর্বশেষ গত ৮ এপ্রিল ধর্ম মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে পাঠানো হয়। এতে বলা হয়, আসলাম উদ্দিনের পদায়ন বিষয়ে মন্ত্রীর ইচ্ছা ও সম্মতি রয়েছে।
জানতে চাইলে জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বলেন, ন্যস্ত করা মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর দুই-তিন দিনের মধ্যে জনপ্রশাসনে পাঠাতে হবে। এরপর পদায়ন করা কর্মস্থলে যোগ না দিলে ব্যবস্থা নিতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয়। কারণ, এটা তাঁর অননুমোদিত অনুপস্থিতি হয়ে গেছে, যেটা অসদাচরণের শামিল।
ফিরোজ মিয়া জানান, তিনি দক্ষ কর্মকর্তা হলে পদায়ন করা কর্মস্থলে যোগ দিয়ে আবার ফিরে আসতে পারতেন। বাংলাদেশ সার্ভিস রুলের ৮১ ধারায় বলা হয়েছে, মন্ত্রণালয় বা বিভাগের বদলি আদেশের পর নতুন কর্মস্থলে যোগ দেওয়ার প্রস্তুতির জন্য একজন কর্মকর্তা সর্বোচ্চ ৬ দিন সময় পাবেন। তবে একই শহরে বদলির আদেশ হলে প্রস্তুতির কোনো সময় পাবেন না।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) আকনুর রহমান বলেন, নিয়ম অনুযায়ী যেটা করার কথা, জনপ্রশাসন সেটাই করবে। তবে ধর্ম মন্ত্রণালয় এক কর্মকর্তাকে চারবার চেয়ে কেন চিঠি দিয়েছে– সে বিষয়ে আমি কিছু জানি না।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আসলাম উদ্দিন ধর্ম মন্ত্রণালয় থেকে অবমুক্ত হওয়ার পরও হজ-সংক্রান্ত বিভিন্ন বৈঠকে যোগ দিচ্ছেন। এতে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিব্রত। বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে তাঁকে নিয়ে আপত্তিও তুলেছেন কয়েক কর্মকর্তা। জনপ্রশাসন সচিবও আসলাম উদ্দিনের পদায়ন নিয়ে নাখোশ।
উপসচিব আসলাম উদ্দিন বলেন, ধর্মমন্ত্রী ও সচিব চাইছেন আমি এই মন্ত্রণালয়ে যোগ দিই। আমারও বিশ্বাস, ধর্ম মন্ত্রণালয়ে যোগ দিলে ভালো কাজ করতে পারব। যেহেতু হজ-সংক্রান্ত বিষয়ে আমার সাড়ে চার বছরের অভিজ্ঞতা আছে। তিনি বলেন, এখন চাপে পড়ে গেছি। কারণ, ধর্মমন্ত্রীকে না করতে পারছি না, আবার জনপ্রশাসন বদলিও করছে না।
ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, হজের সময় মক্কা, মদিনা ও রিয়াদে দৌড়াদৌড়ির বিষয় আছে। এ জন্য কিছু অভিজ্ঞ লোক লাগে। ধর্মমন্ত্রী চাইছেন তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতে। তাঁকে ওখানে বদলি করা হচ্ছে না, শুধু ৩০ থেকে ৪০ দিন হজ ব্যবস্থাপনার কাজে লাগানো হবে। চিঠিতে ওই মূল কথাগুলো লেখা হয়নি।
সচিব বলেন, জনপ্রশাসন তাঁকে ধর্ম মন্ত্রণালয়ে বদলি করছে না। আবার নাও করছে না। এ জন্য চারবার চিঠি দেওয়া হয়েছে।
- বিষয় :
- জনপ্রশাসন
