ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গালগল্প নয়, সঠিক তথ্য দিতে হবে

গালগল্প নয়, সঠিক তথ্য দিতে হবে
×

জোনায়েদ সাকি

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ | ০৮:২৩

| প্রিন্ট সংস্করণ

তথ্য-উপাত্তের স্বচ্ছতার ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, দেশের অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য সঠিক ও নির্ভুল তথ্যের কোনো বিকল্প নেই। সরকারি তথ্য-উপাত্তের বিষয়ে দায়িত্বশীল সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃপক্ষের উদ্দেশ্যে তিনি বলেছেন, গালগল্প নয়, সঠিক তথ্য দিতে হবে। 
গতকাল সোমবার জিডিপির হিসাব-সংক্রান্ত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। বিবিএসের ন্যাশনাল অ্যাকাউন্টিং উইংয়ের বাস্তবায়নাধীন ত্রৈমাসিক মোট দেশজ উৎপাদন (কিউজিডিপি) এবং জেলাভিত্তিক মোট দেশজ উৎপাদন (ডিজিডিপি) উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এই সেমিনারের আয়োজন করা হয়। রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার, বিবিএসের মহাপরিচালক ফরহাদ সিদ্দিক, বিবিএসের উপপরিচালক তোফায়েল আহমেদ প্রমুখ। বিবিএসের পরিচালক আতিকুল কবীর সেমিনার পরিচালনা করেন। 

বিগত সরকারের সময়ের জিডিপির তথ্য নিয়ে তৈরি হওয়া বিতর্ক ও সমালোচনা প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, ‘আমরা অতীতে জিডিপি নিয়ে তথ্য বিভ্রাটের সমালোচনা করেছি। তাই আমাদের দায়িত্ব এখন সঠিক তথ্যটা জনগণের সামনে তুলে ধরা। সঠিক তথ্য পাওয়া গেলে অর্থনীতির প্রকৃত পরিস্থিতি, দুর্বলতা কী– সেটা বোঝা যায়, যার ভিত্তিতে নীতি পরিকল্পনা নেওয়া যায়। অথচ বিগত দিনে জিডিপির প্রবৃদ্ধির হার নিয়ে বিভ্রান্তি ছিল। জিডিপি একা বেড়েছে। তার সঙ্গে বিনিয়োগ কিংবা কর্মসংস্থানের কোনো মিল ছিল না। বর্তমান সরকারের মূল অঙ্গীকার হলো তথ্য ও উপাত্তকে নির্ভরযোগ্যভাবে উপস্থাপন করা। এ ব্যাপারে কোনো প্রকার  কারসাজি সহ্য করা হবে না।’

মূল উপস্থাপনায় বলা হয়, ১০ বছর পরপর ভিত্তি বছর পরিবর্তন করা হয়। সেটার অংশ হিসেবে আগামী অর্থবছরের আবারও পরিবর্তন আসছে। আগামী অর্থবছরের জিডিপি হিসাবের ভিত্তি বছর পরিবর্তন করা হবে। ২০২৫-২৬ অর্থবছরকে নতুন ভিত্তি বছর হিসেবে নির্ধারণ করা হবে। ফলে জিডিপির আকার আরও বড় হতে পারে।
জিডিপির ভিত্তি বছর বদলানোর সময় অর্থনীতিতে অবদান রাখছে, এমন নতুন নতুন খাত যুক্ত হয়। আবার যেসব খাত একসময় অবদান রাখত, এখন আর অবদান নেই বললেই চলে। সেসব খাত বাদ দেওয়া হয়।

আরও পড়ুন

×