প্রথম প্রহরের শিশুদের সঙ্গে বৈশাখবরণ
বাংলা নতুন বছরের প্রথম দিনে গত মঙ্গলবার নওগাঁর এখলাস উদ্দিন ও মাহমুদা আক্তার মিতু দম্পতির কোলজুড়ে এসেছে দ্বিতীয় কন্যাসন্তান। সমকাল প্রজন্মবরণ ১৪৩৩ এর আয়োজনে শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তারা -সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ | ০৯:৩৭
| প্রিন্ট সংস্করণ
বাংলা নববর্ষকে ভিন্নভাবে উদযাপনের লক্ষ্যে বছরের প্রথম প্রহরে জন্মগ্রহণকারী শিশুদের বরণ করে নিয়েছে সমকাল। ‘সমকাল প্রজন্মবরণ ১৪৩৩’ শীর্ষক এ আয়োজনে বাংলা নতুন বছরের প্রথম দিনে সূর্যোদয়ের প্রথম তিন ঘণ্টায় সারাদেশে ভূমিষ্ঠ হওয়া ৫৪ শিশুর জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে সমকাল। তাদের সঙ্গেই পহেলা বৈশাখ উদযাপন করেছে সমকাল। সঙ্গে ছিল ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড কনকা।
নতুন বছরের প্রথম দিনে জন্ম নেওয়া শিশুর মা-বাবা ও স্বজনদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। বর্ষবরণের মুহূর্তে সদ্যোজাত প্রিয় সন্তানকে বুকে জড়িয়ে আবেগাপ্লুত হয়েছেন বাবা-মা।
এ দিন মানিকগঞ্জের প্রকৌশলী আলামিন হোসেন এবং চিকিৎসা সহকারী শাহানাজ পারভীন দম্পতির ঘর আলোকিত করে এসেছে তাদের দ্বিতীয় সন্তান আফবার বিনতে আলামিন। পাঁচ বছর আগে পহেলা বৈশাখেই প্রথমবারের মতো বাবা-মা হওয়ার সৌভাগ্য অর্জন করেন এই দম্পতি। আলামিন হোসেন সমকালকে বলেন, আমাদের দুই ছেলের বাংলা বর্ষবরণের দিনেই জন্মদিন। আমরা কতটা আনন্দিত সেটা ভাষায় বলে বোঝাতে পারব না। একইভাবে বর্ষবরণের সঙ্গে সঙ্গে সদ্যোপ্রসূত সন্তানকে বরণ করে নেওয়ার আনন্দে ভেসেছেন অন্য দম্পতিরাও। দীর্ঘ ১৪ বছর অপেক্ষার পর নতুন বছরের সূর্যোদয়ের পরপরই হুমায়ুন কবীর-শিরিনা ইসলাম দিনা দম্পতির জীবনে নতুন সূর্য হয়ে এসেছে তাদের ছেলে সন্তান। ঢাকার মিরপুরের মা ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্রে ফুটফুটে সন্তানের মা-বাবা হয়েছেন তারা।
সারাদেশ থেকে সমকালের প্রতিনিধিরা এ বিষয়ে তথ্য দেন। নতুন বছরে জন্ম নেওয়া ৫৪ শিশুর মধ্যে কন্যাশিশু ২৯টি এবং ছেলে শিশু ২৫। এর মধ্যে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয়েছে ২৯ শিশুর। বৈশাখের প্রথম দিনে প্রসব বেদনা নিয়ে সরকারি হাসপাতালে গেলেও চিকিৎসা না পেয়ে বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য হয়েছেন কেউ কেউ।
সমকাল দ্বিতীয়বারের মতো এমন আয়োজন করেছে। ‘সমকাল প্রজন্মবরণ ১৪৩৩’ আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড কনকা। বাংলা নতুন বছরের প্রথম দিনের প্রথম প্রহরে জন্ম নেওয়া সোনামণিদের ছবি ও ভিডিও প্রকাশ করা হচ্ছে সমকাল প্রিন্ট সংস্করণ, অনলাইন এবং ডিজিটালে। আরও থাকছে উপহারসামগ্রী। পাশাপাশি আয়োজনের অংশ হিসেবে পাঠকদের থেকে বাংলা নাম আহ্বান করা হয়। সেরা বাংলা নাম প্রস্তাবকারী তিনজনের জন্য থাকছে পুরস্কার।
- বিষয় :
- বৈশাখী মেলা
