ওসমান হাদি হত্যা
অস্ত্র সরবরাহকারী হেলালের দায় স্বীকার
ছবি: সংগৃহীত
আদালত প্রতিবেদক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ০৮:০৪ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ | ০৮:৪৩
| প্রিন্ট সংস্করণ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ বিন ওসমান হাদিকে হত্যা মামলায় অস্ত্র সরবরাহকারী মাজেদুল হক হেলাল দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তিন দিনের রিমান্ড শেষে গতকাল শনিবার তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার দায় স্বীকার করে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আরিফুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে ১৫ এপ্রিল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীদের গুলিতে আহত হন ওসমান বিন হাদি। এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা করেন। হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পর ১৮ ডিসেম্বর তিনি মারা যান। পরে ২০ ডিসেম্বর তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) সংযোজনের আদেশ দেন।
- বিষয় :
- ওসমান হাদি
