ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইজিবাইক-রিকশার নীতিমালা চূড়ান্তের দাবি সংগ্রাম পরিষদের

ইজিবাইক-রিকশার নীতিমালা চূড়ান্তের দাবি সংগ্রাম পরিষদের
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ১৬:৫৫

সরকারের ঘোষিত ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচিতে ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশা ও অন্যান্য ইলেকট্রিক যানবাহনের জন্য সমন্বিত নীতিমালা চূড়ান্ত, নিবন্ধন, চালকদের লাইসেন্স-প্রশিক্ষণ এবং রুট পারমিট চালুর দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে দেওয়া এক স্মারকলিপিতে বলা হয়, দেশে বর্তমানে প্রায় ৬০ লাখ ব্যাটারিচালিত যানবাহনের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে জড়িত পরিবারের জীবন-জীবিকা এ খাতের ওপর নির্ভরশীল। দীর্ঘদিন ধরে এই খাতকে একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনার দাবি জানিয়ে আসছে তারা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১৩ বছর ধরে সংগঠনটি ঢাকাসহ সারা দেশে আন্দোলন চালিয়ে আসছে। তাদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে—ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও প্রশিক্ষণ, রুট পারমিট প্রদান এবং স্বল্পগতির যানবাহনের জন্য পৃথক লেন বা সার্ভিস রোড নির্মাণ।

সংগ্রাম পরিষদ জানায়, ২০২২ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মহাসড়ক ছাড়া অন্যান্য সড়কে ব্যাটারিচালিত যান চলাচলের অনুমতি দিলেও এখনো কার্যকর কোনো নীতিমালা বাস্তবায়ন হয়নি।

তারা অভিযোগ করেন, ২০১৯, ২০২২ ও ২০২৪ সালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খসড়া নীতিমালা প্রকাশ করলেও সেগুলোর পূর্ণ বাস্তবায়ন হয়নি। সর্বশেষ ২০২৫ সালে ‘বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হলেও অংশীজনদের মতামত যথাযথভাবে বিবেচনা করা হয়নি বলে দাবি সংগঠনটির।

এছাড়া ২০২৫ সালের একটি অধ্যাদেশের মাধ্যমে সিটি কর্পোরেশনের হাতে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন ও নীতিমালা নির্ধারণের ক্ষমতা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি। তারা এ বিষয়ে তদন্তের দাবি জানিয়ে সম্ভাব্য ‘সিন্ডিকেট স্বার্থ’ খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, রিকশা চালানো অত্যন্ত শ্রমসাধ্য কাজ হওয়ায় চালকদের কষ্ট লাঘব ও যাত্রীসেবার উন্নয়নে দেশীয় প্রযুক্তিতে ব্যাটারি সংযোজন জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে এটি স্বল্প আয়ের মানুষের জন্য একটি সহজলভ্য ও সাশ্রয়ী পরিবহন ব্যবস্থায় পরিণত হয়েছে।

সংগঠনটি মনে করে, যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় স্বল্পগতির যানবাহনের জন্য আলাদা লেন নির্মাণসহ একটি সমন্বিত নীতিমালার বিকল্প নেই।

আরও পড়ুন

×