রুমিন ফারহানার বক্তব্যের সময় 'অশোভন অঙ্গভঙ্গি'র নিন্দা বিরোধীদলীয় নেতার
রুমিন ফারহানা। ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ১৮:১৯ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ | ১৯:৪৪
জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের সদস্যদের 'অশোভন অঙ্গভঙ্গি'র তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। একইসঙ্গে সংসদে কথা বলার ক্ষেত্রে সিরিয়াল বা পর্যায়ক্রম বজায় রাখার জন্য স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান ও চিফ হুইপ নূরুল ইসলাম।
আজ রোববার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা এ বিষয়ে কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
সংসদে অশোভন আচরণের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, সংসদ সদস্যদের বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের কিছু সদস্যের অশালীন অঙ্গভঙ্গি আমার বিবেকে আঘাত করেছে। আমি ৪-৫ বার নির্বাচিত হওয়া সদস্যদের কাছ থেকে এমন আচরণ আশা করিনি। আমরা প্রথম দিনই বলেছিলাম, এখানে একটি ভালো সংস্কৃতির চর্চা হোক। কিন্তু বারবার বলার পরও এমন আচরণ দুঃখজনক এবং আমি এর তীব্র নিন্দা জানাই।
তিনি আরও বলেন, সংসদে কথা বলার ক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে কথা বলার সুযোগ পাওয়ার ক্ষেত্রে যে বৈষম্য তৈরি হয়েছে, তা উদ্বেগের।
বিরোধী দলীয় নেতার বক্তব্যের পর স্পিকার সংসদীয় শিষ্টাচার বজায় রাখার এবং কার্যপ্রণালি বিধি অনুযায়ী আলোচনার পরিবেশ নিশ্চিত করার অনুরোধ জানান।
এসময় নতুন সদস্যদের সুযোগ দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করে চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, সংসদে ২২০ জন নতুন সদস্য আছেন। তারা তাদের নির্বাচনী এলাকা ও দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চান। কিন্তু অনেকেই বারবার সুযোগ পেলেও, কেউ কেউ একবারও কথা বলার সুযোগ পাচ্ছেন না।
স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে চিফ হুইপ জানান, যিনি নোটিশ আগে দেবেন, তারটা যেন সিরিয়াল অনুযায়ী আগে আসে। বিষয়টি যদি কিছুদিন অনুসরণ করা হয়। তবে নতুন সদস্যরা উৎসাহ পাবেন এবং সংসদ আরও প্রাণবন্ত হবে।
- বিষয় :
- জাতীয় সংসদ নির্বাচন
- জাতীয় সংসদ
