সুপার স্পেশালাইজড হাসপাতালে মালামাল চুরি
৬টি পিকআপ ভ্যানে করে চুরির সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়। ছবি-ভিডিও থেকে নেওয়া
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ১৪:২৮ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ | ১৪:৩৪
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অধীনে পরিচালিত সুপার স্পেশালাইজড হাসপাতালে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে হাসপাতালের মূল্যবান চিকিৎসা সরঞ্জাম লুট করে নিয়ে যায় একটি চক্র। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ৬টি পিকআপ ভ্যানে করে এসব সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছে।
হাসপাতালটির পরিচালক ও ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফুল্লাহ মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে জরুরি বৈঠকে বসেছে হাসপাতাল প্রশাসন।
ডা. সাইফুল্লাহ মুন্সী বলেন, চুরির ঘটনাটি আমরা খতিয়ে দেখছি। তদন্তের কাজ শুরু হয়েছে। তবে কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত গভীর রাতে হাসপাতালের নিরাপত্তা বলয় ডিঙিয়ে বড় বড় কার্টনে ভর্তি সরঞ্জাম পিকআপে তোলা হয়। হাসপাতালের এক কর্মকর্তা জানান, লুটপাটের একটি ভিডিও ফুটেজ তাদের হাতে এসেছে। সেখানে দেখা যায়, মালামাল ভর্তি একটি পিকআপের চালক বলছেন এসব সরঞ্জাম গুলশান কাঁচবাজারে নিয়ে যাওয়া হচ্ছে।
আধুনিক চিকিৎসাসেবার লক্ষ্যে নির্মিত এই বিশেষায়িত হাসপাতালটিতে বিশ্বের দামি সব সরঞ্জাম স্থাপন করা হয়েছিল। গভীর রাতে প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে ৬টি পিকআপ ভ্যান হাসপাতাল থেকে মালামাল নিয়ে বেরিয়ে গেল, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ক্ষতির প্রকৃত পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
