ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বাছাই শুরু 

মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত, জামায়াত জোটের অন্য ১২ মনোনয়ন বৈধ 

মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত, জামায়াত জোটের অন্য ১২ মনোনয়ন বৈধ 
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ | ১৫:০৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। তাকে সরকারি চাকরি থেকে পদত্যাগের প্রয়োজনীয় তথ্যপ্রমাণ জমা দেওয়ার জন্য আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তবে জামায়াত জোটের অন্য ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মনোনয়নপত্র বাছাইকালে এমন সিদ্ধান্তের কথা জানায় ইসি। দুদিনব্যাপী মনোনয়নপত্র বাছাই কার্যক্রমের প্রথম দিনে আজ জামায়াত জোটের ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হয়। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে একই স্থানে বিএনপি জোটের ৩৬ জন, স্বতন্ত্র একজন এবং অন্যান্য তিনজনের মনোনয়নপত্র বাছাই করা হবে। 

এর আগে বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে মনোনয়নপত্র দাখিলের শেষদিন মঙ্গলবার নির্ধারিত সময় পর্যন্ত মোট ৫৩ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছিলেন। আজ বুধবার থেকে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু করেছে ইসি।

এদিন মনোনয়নপত্র বাছাই কার্যক্রম পরিচালনা করেন এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মইন উদ্দীন খান। এ সময় সরকারি রিটার্নিং কর্মকর্তা মোঃ মনির হোসেনসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র বাছাইকালে মনিরা শারমিনের সরকারি চাকরি থেকে পদত্যাগের প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যপ্রমাণ পায়নি ইসি। আরপিওর বিধান অনুযায়ী সরকারি সরকারি চাকরি থেকে ও পদত্যাগ অথবা অবসরের তিন বছর সময় পার হওয়ার পর সংসদ সদস্য প্রার্থী হতে হয়। মনিরা শারমিন রাষ্ট্রায়ত্ত ব্যাংক কৃষি ব্যাংক থেকে পদত্যাগ করেন ২০২৫ সালের ডিসেম্বরে। এর আগে একই বছরের মার্চে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনোনীত হন তিনি। সরকারি চাকরি ত্যাগের মাত্র পাঁচ মাস পরে থেকে সংরক্ষিত নারী আসনের প্রার্থী হয়েছে তিনি। এই কারণে তার প্রার্থিতা বাতিলের সংখ্যা দেখা দিয়েছে।

প্রথম দিনে বাছাইকালে জামায়াত জোটের অন্য যে ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয় তারা হচ্ছেন-  জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পাওয়া নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার, জোটের শরিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডা. মাহমুদা আলম মিতু, জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম এবং জুলাই অভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।

নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই শেষে ২৯ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে।

আরও পড়ুন

×