ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সংসদে জামায়াত এমপির বক্তব্যে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

সংসদে জামায়াত এমপির বক্তব্যে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা
×

মো. আব্দুল ওয়ারেছ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ২১:১৮

সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে গাইবান্ধা-৫ আসন থেকে নির্বাচিত জামায়াতের এমপি মো. আব্দুল ওয়ারেছ একাধিক জাতীয় নেতার সঙ্গে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিও। এসময় তিনি বঙ্গবন্ধুকে 'স্বাধীনতার অন্যতম নায়ক' হিসেবেও সম্বোধন করেন।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে আবদুল ওয়ারেছ নিজেকে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেন।

তিনি বলেন, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি—স্বাধীনতার একমাত্র ঘোষক বীর মুক্তিযোদ্ধা ও রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, স্বাধীনতার অন্যতম নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আরেকজন নেতা যিনি স্বাধীনতার অগ্রদূত, যিনি ১৯৭০ সালের জাতীয় নির্বাচন বয়কট করে ঘোষণা দিয়েছিলেন ব্যালট বক্সে লাথি মারো, পূর্ব পাকিস্তান স্বাধীন করো, সেই মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এছাড়া মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান বিরোধী দলের এ সদস্য।

এর বাইরেও তিনি ছাত্রশিবিরের প্রয়াত নেতা আবদুল মালেক, জামায়াতের প্রয়াত নেতা গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, মীর কাশেম আলী, দেলাওয়ার হোসেন সাঈদী ও কামারুজ্জামানের নাম উল্লেখ করে শ্রদ্ধা নিবেদন করেন।

গণভোটের প্রতি বিএনপি শ্রদ্ধা জানাচ্ছে না এমন অভিযোগ তুলে জামায়াতের এই এমপি বলেন, বিএনপি গণভোটকে অপমান ও বিশ্বাসঘাতকতা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের নানা ব্যাখ্যা দিচ্ছেন। কিন্তু সংবিধানে স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবুর রহমানের নাম রয়েছে।

তিনি এই ঘটনার নিন্দা ও আপত্তি জানিয়ে বলেন, স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। এখনো কেন তা সংবিধানে লিপিবদ্ধ করা হলো না? তিনি বিষয়টি সংবিধানে দ্রুত তা যুক্ত করার দাবি জানান।

চলমান ছাত্র রাজনীতি নতুন প্রজন্ম পছন্দ করছে না: পানিসম্পদ মন্ত্রী
বর্তমান ছাত্র রাজনীতি নিয়ে সংসদে আলোচনার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও ছাত্রদলের সাবেক সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, দেশের যে ছাত্ররাজনীতি চলছে, তা নিয়ে সংসদে গভীর আলোচনা তুলে ধরা প্রয়োজন। কারণ, এখনো যে ছাত্ররাজনীতি; গত দুই-তিনদিন যাবত লক্ষ্য করা যাচ্ছে, এ প্রজন্ম তা পছন্দ করে না। কারণ, ফ্যাসিস্টের ধারাবাহিকতায় চাপাতি, অস্ত্র, রামদা, হকিস্টিক নিয়ে.. পাঁচ আগস্টের পর সেই ছাত্ররাজনীতি থাকবে, ছাত্র রাজনীতির ময়দানটাকে কলুষিত করা হবে..। জ্বালানি সংকটের মতই ছাত্ররাজনীতি নিয়েও সংসদে আলোচনা করে পদক্ষেপ নেওয়া যেতে পারে।

সর্বশেষ সংসদ নির্বাচনে টাকার ছড়াছড়ি হয়েছে দাবি করে পানিসম্পদ মন্ত্রী বলেন, এত টাকার ছড়াছড়ি কোথা হতে আসলো বুঝতে পারি নাই। ইসলামী ব্যাংক নিয়ে কথা হচ্ছে। গত দেড়বছরে ইসলামি ব্যাংক নিয়ে তদন্ত করি, হয়তোবা পাওয়া যাবে এ টাকাগুলো কোত্থেকে এসেছে। করা উচিত। কারণ নির্বাচনী আচরণবিধিতে থাকবে আপনি কত টাকা খরচ করতে পারবেন। আর মাঠে গিয়ে দেখা যাবে কত টাকা খরচ হয়েছে। কথায় বলব একটা, কাজে করব আরেকটা। এ নির্বাচনে সে পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে।

আরও পড়ুন

×