ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পাম্পে গাড়ির ভিড় কমেছে

জ্বালানি তেল মিলছে এক ঘণ্টার কম সময়েই

পাম্পে গাড়ির ভিড় কমেছে
×

জ্বালানি তেলের জন্য কয়েক সপ্তাহ ধরে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি দেখা যায়। তবে সেই সারি এখন অনেকটাই ছোট হয়ে এসেছে। তেলের জন্য গাড়িচালকদের আর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে না। গতকাল শুক্রবার মতিঝিল এলাকায় সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ০৮:৪৬ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ | ১২:১৩

| প্রিন্ট সংস্করণ

দেশের পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের জন্য এখন আর দীর্ঘ লাইন হচ্ছে না। দাম বাড়ানো এবং সরবরাহ স্বাভাবিক হওয়ায় কয়েক দিন ধরে চাপ কমতে শুরু করেছে। ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় পাম্পগুলোতে গাড়ি নিয়ে অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

রাজধানীর রমনা ফিলিং স্টেশনে গতকাল শুক্রবার সকাল ৭টায় ১৫ থেকে ২০টি গাড়ি আর কয়েকটি মোটরসাইকেল দেখা গেছে। কয়েক দিন আগে সকালেই শতাধিক বাইক ও গাড়ির লাইন দেখা যেত। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হতো। এখন ১৫ থেকে ২০ মিনিটেই তেল পাওয়া যাচ্ছে। মোটরসাইকেল চালক খাদেমুল ইসলাম বলেন, গত সপ্তাহে ছয় থেকে সাত ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অল্প তেল পেয়েছিলাম। আজ (গতকাল) খুব দ্রুতই ট্যাঙ্ক ভরতে পারলাম। একই রকম চিত্র পরীবাগের মেঘনা মডেল ফিলিং স্টেশনে। প্রাইভেটকার চালক মৃদুল খান জানান, আগে সাত থেকে আট ঘণ্টা সময় লাগত, এখন এক ঘণ্টার কম সময়েই তেল পাচ্ছেন।

দেড় মাসের বেশি সময় ধরে তীব্র ভোগান্তি পোহাতে হয়েছে বাইকসহ গাড়ি চালকদের। পাম্প সংশ্লিষ্টদের মতে, আতঙ্ক কমে যাওয়ায় চাহিদা স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে। বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনের এক কর্মচারী বলেন, ফুয়েল অ্যাপ চালু, দাম বৃদ্ধি এবং সরবরাহ বাড়ানোর কারণে চাপ কমেছে।

চট্টগ্রামে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। কয়েক দিন আগেও দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। এখন অধিকাংশ পেট্রোল পাম্পে তেমন চাপ নেই। অনেক জায়গায় পাম্প প্রায় ফাঁকা। নগরীর গণিবেকারি এলাকার কিউসি ট্রেডিং ফিলিং স্টেশনে গতকাল দেখা যায়, কয়েকটি মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি রয়েছে। পাম্পে দায়িত্বরত কর্মীরা অনেকটা অলস সময় পার করছেন। মোটরসাইকেল চালক খালেদ হোসেন বলেন, আগে দুই থেকে তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হতো। নগরীর দামপাড়া সিএমপি ফিলিং স্টেশনেও একই চিত্র। দেড় মাস ধরে দিন-রাত লাইন ছিল, এখন চাপ নেই বললেই চলে। প্রাইভেটকার চালক ইকবাল মাহমুদ বলেন, দাম বাড়ার পর হঠাৎ সব স্বাভাবিক হয়ে গেছে। নগরীর ষোলশহর, পাঁচলাইশ, অক্সিজেন ও নতুন ব্রিজ এলাকার পাম্পগুলো ঘুরে দেখা গেছে কোথাও দীর্ঘ লাইন নেই।

আরও পড়ুন

×