ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জেরায় আবদুল্লাহিল আমান আযমী

এরশাদের আমলে আমার অধীনেই বন্দি ছিলেন শেখ হাসিনা

এরশাদের আমলে আমার অধীনেই বন্দি ছিলেন শেখ হাসিনা
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ২২:২৬

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদের সামরিক শাসনামলে শেখ হাসিনা তার অধীনে বন্দি ছিলেন। 

আওয়ামী লীগ শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) ‘গুম ও নির্যাতনের’ অভিযোগে মানবতাবিরোধী অপরাধের এক মামলায় আজ সোমবার আসামিপক্ষের জেরায় এ কথা বলেন তিনি। আযমী জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের ছেলে। 

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আযমীকে আজ জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু। জেরার একপর্যায়ে আইনজীবী জানতে চান, শেখ হাসিনার সঙ্গে আযমীর কখনও দেখা হয়েছিল কি না। জবাবে আযমী বলেন, ১৯৮৩ সালে শেখ হাসিনার সঙ্গে তার কয়েকবার দেখা হয়েছিল। এরশাদের সামরিক শাসনামলে রাজধানীর হেয়ার রোডের একটি বাড়িতে আমি আমার কোম্পানিসহ থাকতাম। ওই সময় মার্শাল ল' এর দায়িত্ব পালন করতাম। তখন ওই বাড়িতে শেখ হাসিনা, মতিয়া চৌধুরী ও সাহারা খাতুনকে বন্দি করে কয়েকদিন আমার অধীনে রাখা হয়েছিল। আটক থাকা অবস্থায় তাদের দেখভালের দায়িত্ব ছিল আমার ওপর। পরে এ বক্তব্য ট্রাইব্যুনালের নথিতে রেকর্ড করা হয়। 

আওয়ামী লীগের শাসনামলে ২০১৬ সালের ২২ আগস্ট আবদুল্লাহিল আমান আযমীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করে তার পরিবার। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের দুই দিন পর বাড়ি ফেরেন তিনি।

ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার তাঁকে মেজর জেনারেল এবং লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করেছে বলেও জেরায় জানান আযমী। তিনি বলেন, তবে সেনাবাহিনী থেকে এই পদোন্নতি–সংক্রান্ত কোনো আদেশ না হওয়ায় জবানবন্দিতে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) পদবি ব্যবহার করেছেন। 

এদিকে, আওয়ামী লীগের শাসনামলে সরকার বিরোধী মতের লোকদের জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) বন্দি রেখে নির্যাতনের মামলায় ১৩ জন আসামির বিরুদ্ধে মামলা করা হয়। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। 

আসামিদের মধ্যে কারাগারে থাকা তিন সাবেক সেনা কর্মকর্তাকে সোমবার ঢাকা সেনানিবাসের সাব-জেল থেকে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা  ই তিন আসামি হলেন-ডিজিএফআইর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। 

ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার সাক্ষ্যগ্রহণ শেষ
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। যুক্তিতর্কের জন্য আগামী ১৭ মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ এ দিন ধার্য করেন। এ মামলায় তদন্ত কর্মকর্তা আহমেদ নাসের উদ্দিন মোহাম্মদসহ জবানবন্দি দিয়েছেন ২৬ জন।

আরও পড়ুন

×