ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাবেদের ফ্ল্যাটের তালা খুলতে আজ আদালতে আবেদন

জাবেদের ফ্ল্যাটের তালা খুলতে আজ আদালতে আবেদন
×

 সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ | ০৮:৩৫

| প্রিন্ট সংস্করণ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশানের দুটি ফ্ল্যাটের তালা খুলে ভেতরের মালপত্রের তালিকা তৈরি করা হবে। পরে এসব মালপত্র সংরক্ষণের ব্যবস্থা করে দুটি ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে। এজন্য ফ্ল্যাট দুটির তালা খোলার অনুমতি চেয়ে আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের কাছে আবেদন পেশ করবে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। 
দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ চলতি বছরের ১২ জানুয়ারি এক আদেশে জব্দ ফ্ল্যাট দুটি দেখভাল করার জন্য কমিশনের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটকে রিসিভার হিসেবে নিযুক্ত করেন। ওই ইউনিট থেকে এরই মধ্যে ফ্ল্যাট দুটির নিয়ন্ত্রণ নিতে গেলে দুটিরই প্রবেশ দরজায় তালা দেখা যায়। এ ক্ষেত্রে তালা খুলতে আদালতের আদেশ প্রয়োজন। 

এ অবস্থায় আদালতের আদেশ নেওয়ার জন্য সম্পদ ব্যবস্থাপনা ইউনিট থেকে গতকাল সোমবার সাবেক ভূমিমন্ত্রীর দুর্নীতি অনুসন্ধান-সংক্রান্ত যৌথ অনুসন্ধান টিমের কাছে চিঠি পাঠানো হয়। এ চিঠির পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার অনুসন্ধান টিমের প্রধান ও দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমানের সই করা আবেদন আদালতে পেশ করা হবে।  জাবেদের ফ্ল্যাট দুটি ঢাকার গুলশানের নর্থয়েস্ট বি ব্লকের ১১ নম্বর প্লটে শান্তা হোল্ডিংস লিমিটেড নির্মিত ‘চিত্রা’ নামের ভবনের আট তলায়। ৩ হাজার ৭৪৭ বর্গফুটের এ-৭ ও ৩ হাজার ৮৩২ বর্গফুটের বি-৭ নম্বর ফ্ল্যাট দুটিতে জাবেদ ও তাঁর পরিবারের সদস্যরা থাকতেন।  
 

আরও পড়ুন

×