ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত হওয়ার কথা আদালতে জানালেন পলক

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত হওয়ার কথা আদালতে জানালেন পলক
×

আদালত চত্বরে জুনাইদ আহমেদ পলক (ফাইল ফটো)

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ | ১৩:২৫ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ | ১৫:০৮

পুলিশের প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত হওয়ার কথা আদালতে জানিয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানান, গত ১৯ এপ্রিল আদালত থেকে কারাগারে নেওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। 

মঙ্গলবার ঢাকার একটি আদালতে তিনি এ কথা জানান। পরে বিচারক তাকে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ মোহাম্মদপুর থানার একটি মামলার চার্জ গঠন শুনানিতে হাজির হয়ে পলক আদালতে জানান, গত ১৯ এপ্রিল শুনানি শেষে আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশের প্রিজনভ্যান দুর্ঘটনার কবলে পড়ে এবং এতে তিনি আহত হন।

পরে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির মাধ্যমে বিষয়টি আদালতে উপস্থাপন করা হলে বিচারক বিষয়টি নথিভুক্ত করে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

পলকের আইনজীবী বলেন, দুর্ঘটনায় পলকসহ ভ্যানে থাকা কয়েকজন আহত হয়েছেন। আদালতকে বিষয়টি অবহিত করার পর বিচারক তার চিকিৎসার বিষয়ে নির্দেশনা দেন।

এদিকে কারাকর্তৃপক্ষ দাবি করেছে, দুর্ঘটনা ঘটলেও কেউ আহত হননি। কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল ফরহাদ সমকালকে বলেন, 'সপ্তাহখানেক আগে প্রিজনভ্যান আদালত থেকে কারাগারে ফেরার পথে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। তবে সেটি গুরুতর কোনো ক্ষতির কারণ হয়নি। ওই ভ্যানে জুনাইদ আহমেদ পলক থাকলেও তিনি বা অন্য কেউ আহত হননি।'
 

আরও পড়ুন

×