ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আইএফআইসি ব্যাংকের ১০ পদস্থ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

আইএফআইসি ব্যাংকের ১০ পদস্থ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ০২:৩৩

ঋণের নামে আইএফআইসি ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকটির বর্তমান এমডি সায়েদ মনসুর মোস্তফাসহ পদস্থ ১০ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের যৌথ অনুসন্ধান টিমের প্রধান ও দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে টিমের সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আকতারুল ইসলাম এই তথ্য জানান। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে গতকাল সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ জিজ্ঞাসাবাদ চলে।

জানা গেছে, ঋণের নামে আইএফআইসি ব্যাংকের আড়াইশ কোটি টাকা আত্মসাতের অভিযোগের সঙ্গে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর স্ত্রী রুকমীলা জামান জড়িত। পরবর্তী সময়ে তাদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। বর্তমানে তারা বিদেশে অবস্থান করছেন।
 
দুদক জানায়, ২০১৯ সালে রুকমীলা জামান আবেদন করে তাদের মালিকানাধীন আরামিট সিমেন্টের নামে দেড়শ কোটি টাকা এবং আরামিট থাই অ্যালুমিনিয়ামের নামে ১০০ কোটিসহ আড়াইশ কোটি টাকার ঋণ গ্রহণ করেন। ওই সময় সাইফুজ্জামান চৌধুরী আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। মন্ত্রী হওয়ার আগে তিনি নিজের মালিকানাধীন ইউসিবি থেকে বিপুল অঙ্কের টাকার ঋণ গ্রহণ করেন। পরে তিনি ওই টাকা তাঁরই আরামিট গ্রুপের কর্মকর্তাদের দিয়ে হুন্ডির মাধ্যমে দুবাইয়ে পাচার করান। ২০১৯ সালে আইএফআইসি ব্যাংক থেকে আড়াইশ কোটি টাকা ঋণ নিয়ে ২০১৭ সালে ইউসিবি থেকে নেওয়া ঋণ পরিশোধ করা হয়। 

সূত্র জানায়, আইএফআইসি ব্যাংকের বর্তমান এমডি সায়েদ মনসুর মোস্তফা ওই ঋণ প্রদানের সময় ব্যাংকে  ডিএমডি এবং সিসিওর দায়িত্বে ছিলেন।

গতকাল জিজ্ঞাসাবাদ করা অন্য ৯ কর্মকর্তা হলেন– আইএফআইসি ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখার সাবেক ব্যবস্থাপক ইকবাল পারভেজ চৌধুরী, একই শাখার আরএম (মার্কেটিং অ্যান্ড সেলস) নাজিমুল হক, সাবেক আরএম (করপোরেট বিজনেস) এমওজি হাবিবুল ইসলাম চৌধুরী, সাবেক ব্যবস্থাপক (করপোরেট রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট) ওয়াসিম আলম, সাবেক ডিএমডি সিসিও ও সিআরও শাহ মো. মইনউদ্দিন, সাবেক ক্রেডিট অ্যাসোসিয়েট প্রতাপ শংকর মহন্ত, সাবেক ডিএমডি ও চিফ রিস্ক অফিসার মোহাম্মদ মোস্তফা হাইকল হাশিমী, সাবেক হেড অব সেন্ট্রালাইজড ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন মজিবর রহমান এবং সাবেক হেড অব ট্রেজারি শাহ উদ্দিন।

আরও পড়ুন

×