তথ্য উপদেষ্টা বলছেন জঙ্গি রয়েছে, ভিন্নমত স্বরাষ্ট্রমন্ত্রীর
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ০৮:৩২ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ | ১১:৪৯
| প্রিন্ট সংস্করণ
গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে উগ্রবাদী সংগঠনের হামলার আশঙ্কায় পুলিশের সতর্কতার মধ্যে দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেছেন, দেশে জঙ্গি রয়েছে। এ তৎপরতা শূন্যের কোঠায় নামিয়ে আনার ব্যাপারে সরকার কাজ করবে। তবে দুজনই মনে করেন, বিষয়টিকে আওয়ামী লীগ সরকার রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।
গত মঙ্গলবার আগারগাঁওয়ে কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে জঙ্গিবাদের উত্থানের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমি আপনাদের প্রশ্নগুলো বুঝতে পেরেছি। কিন্তু আমি ওই শব্দকে রিকগনাইজ করি না। আমাদের দেশে এ রকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে। পৃথিবীর সব দেশেই এ রকম অ্যাক্টিভ থাকে। র্যাডিক্যাল কিছু ফোর্স থাকে; ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে। এগুলো আমরা ইউজড টু; এগুলো থাকে। কিন্তু সে বিষয়ে আপনি যে শব্দ উচ্চারণ করলেন, আমাদের দেশের বর্তমান কালচারে সেটা এখন আর নাই-ই।’
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফ্যাসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত। বর্তমানে বাংলাদেশে সেগুলোর এক্সিস্টেন্স নেই।’
জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে জঙ্গি তৎপরতা নেই বলে দাবি করা হচ্ছিল। দেড় দশকে শত শত গুমের অভিযোগ অনুসন্ধানে গঠিত গুম সংক্রান্ত অনুসন্ধান কমিশন তখন বলেছিল, জঙ্গিবাদবিরোধী অভিযানের ছায়ায় ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে বিগত আওয়ামী লীগ সরকার গুমকে একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল।
এদিকে গতকাল সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে কথা বলার সময় জঙ্গিবাদ নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের কাছে জানতে চান এক সাংবাদিক। প্রশ্ন করেন– গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কার কথা বলা হচ্ছে। বিমানবন্দরগুলো ঘিরে নিরাপত্তা জোরদারের কথা জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে আমরা দেখেছি, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিভিন্ন সময়ে বলেছেন– দেশে প্রকৃত অর্থে জঙ্গি নেই। এখন প্রশ্ন হলো, সরকার কি সত্যিই মনে করে, দেশে জঙ্গি তৎপরতা নেই? সরকারের কাছে কতখানি তথ্য আছে?
জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘প্রথম কথা হচ্ছে, সরকারের কাছে কতখানি তথ্য আছে, এটা বলা যাবে না। এটা একটা সেনসিটিভ (সংবেদনশীল) তথ্য। এ তথ্য গোপন থাকবে। কিন্তু সেটুকু তথ্য সরকার জানিয়েছে, এটা ফ্যাক্ট। বাংলাদেশে জঙ্গি আছে।’
জঙ্গিবাদী তৎপরতা নিয়ে আওয়ামী লীগ সরকারের সময় যেটা বলা হতো এবং অন্তর্বর্তী সরকারের সময়ে যেটা বলা হয়েছ; এ দুটো ভাষ্যই ‘এক্সট্রিম’ (চরম পর্যায়ের) বলে মনে করেন জাহেদ উর রহমান।
তবে সন্ত্রাসবাদের হুমকি যে মিথ্যা নয়– সে কথা স্বীকার করেন অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম। গত ১৯ জুন এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘সন্ত্রাসবাদ সারাবিশ্বে একটি বাস্তব হুমকি। বাংলাদেশও এর বাইরে নয়। ২০১৬ সালের হোলি আর্টিসানে হামলার মতো ঘটনা এর প্রমাণ। তবে এ হুমকি মোকাবিলায় রাষ্ট্রের সততা, মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতি এবং আইনসম্মত প্রক্রিয়ায় অটল থাকা জরুরি। সরকার সন্ত্রাসবিরোধী প্রচারণাকে যখন রাজনৈতিক বিরোধীদের দমনের ঢাল হিসেবে ব্যবহার করে, তখন তা আইনের শাসন, প্রতিষ্ঠান ও জনগণের বিশ্বাসকে ধ্বংস করে দেয়।’
- বিষয় :
- স্বরাষ্ট্রমন্ত্রী
- তথ্য উপদেষ্টা
- জঙ্গি
