ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবি
বাজেটে বরাদ্দ না পেলে ১৫ জুন অবস্থান ধর্মঘটের হুঁশিয়ারি
ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ১৪:৩৬ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ | ১৪:৪৪
স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি। দাবি পূরণে ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ না থাকলে আগামী ১৫ জুন অবস্থান ধর্মঘটসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।
বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এর মওলানা আকরাম খা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো ২০২৫ সালের ২৮ জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণার পরও এখনো জাতীয়করণ হয়নি। দ্রুত এ ঘোষণা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
বক্তারা আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের মতো এসব মাদ্রাসাকে জাতীয়করণ করলে শিক্ষার মানোন্নয়ন হবে এবং ধর্মীয় শিক্ষার প্রসার ঘটবে। দীর্ঘদিন ধরে অবহেলিত শিক্ষকরা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও তারা উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান, উপদেষ্টা এস এম জয়নাল আবেদীন জিহাদীসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
তাদের এক দফা দাবি—সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা দ্রুত জাতীয়করণ।
