ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গোলটেবিল বৈঠকে বদিউল আলম

উপজেলায় এমপির কার্যালয় ধ্বংস করবে স্থানীয় সরকার ব্যবস্থা

উপজেলায় এমপির কার্যালয় ধ্বংস করবে স্থানীয় সরকার ব্যবস্থা
×

বদিউল আলম মজুমদার

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ০৮:১৮

| প্রিন্ট সংস্করণ

সংসদ সদস্যের (এমপি) জন্য উপজেলা পরিষদ কার্যালয়ে ‘পরিদর্শন কক্ষ’ রাখার সিদ্ধান্তের বিরোধিতা করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে ‘এমপি রাজ’ প্রতিষ্ঠিত হবে। সেটা স্থানীয় সরকার ব্যবস্থাকে ধ্বংস করে দেবে। বিষয়টি সংবিধানেরও পরিপন্থি।
গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে বদিউল আলম মজুমদার এসব কথা বলেন। ‘স্থানীয় সরকার বিষয়ে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত : সাংবিধানিক বাধ্যবাধকতা, আদালতের রায় ও জনপ্রত্যাশা’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুজন।

বদিউল আলম মজুমদার বলেন, এমপির কাজ জাতীয় সংসদে, স্থানীয় সরকারে নয়। কিন্তু পরোক্ষভাবে তাদের স্থানীয় সরকারের কাঠামোর মধ্যে যুক্ত করা সংবিধানের লঙ্ঘন। প্রত্যক্ষভাবে যা করা যায় না, পরোক্ষভাবে তা করার চেষ্টা রঙিন আইন বা প্রতারণামূলক ব্যবস্থা। তিনি বলেন, এমপিদের পিঁড়িতে বসতে দিলে তারা পুরো পিঁড়ি দখল করবেন। তখন উপজেলার সব প্রতিষ্ঠান দলীয় নিয়ন্ত্রণে যাবে। এতে সরকার ও দলের মধ্যকার বিভাজন দূরীভূত হয়ে যাবে।

বৈঠকে সরকারের বিবেচনার জন্য ১৩টি সুপারিশ তুলে ধরেন বদিউল আলম মজুমদার। এর মধ্যে রয়েছে পল্লি ও নগর সর্বস্তরের স্থানীয় সরকারের জন্য একীভূত আইন প্রণয়ন; নির্বাচিত প্রতিনিধির অপসারণের ক্ষমতা সরকারের বদলে স্বাধীন কমিশন বা ট্রাইব্যুনালের হাতে ন্যস্ত করা; স্বতন্ত্র পেশাদার জনবল কাঠামো গঠন এবং স্থায়ী জাতীয় স্থানীয় সরকার কমিশন প্রতিষ্ঠা।
চরচা ডটকমের সম্পাদক সোহরাব হাসান বলেন, স্থানীয় সরকার সংবিধানে থাকলেও মননে নেই। নাগরিক কোয়ালিশনের সহসমন্বয়ক ফাহিম মাশরুর বলেন, স্থানীয় সরকারের ক্ষমতায়ন বর্তমান সরকার কতটা চায় কিংবা কবে স্থানীয় সরকারের নির্বাচন হবে বা আদৌ হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

আরও পড়ুন

×