ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পল্টনে শ্রমিক সমাবেশ আজ

লাখো মানুষের সমাগমের প্রত্যাশা শ্রমিক দলের

লাখো মানুষের  সমাগমের প্রত্যাশা শ্রমিক দলের
×

 সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০১ মে ২০২৬ | ০৯:২৯

| প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ শুক্রবার ঢাকার নয়াপল্টনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশে লাখো শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির প্রত্যাশা করছে সংগঠনটি। 
গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাবেশের প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছিল। যুদ্ধ পরিস্থিতির কারণে দেশ সংকটে থাকলেও ইশতেহারে শ্রমিকদের দেওয়া প্রতিশ্রুতিগুলো সরকার পূরণ করবে। শ্রমজীবী মানুষের যে সমস্যা, তা আইন ও বিধিমালা করে সমাধান করা হবে। 

শ্রমিকদের দাবি প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য জানান, এবারের সমাবেশ থেকে অবাধ ট্রেড ইউনিয়ন গঠন, শোভন কাজের পরিবেশ, নিরাপদ কর্মক্ষেত্র এবং রেশনিং ব্যবস্থা চালুর জোর দাবি জানানো হবে। এ ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকদের প্রকৃত মজুরি কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি ন্যায্যমূল্যে পণ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে জাতীয় নিম্নতম মজুরি বোর্ডকে আরও কার্যকর করার দাবি জানানো হবে। পাশাপাশি শ্রমজীবী মানুষের অন্যান্য সমস্যার সমাধানে প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হবে। 
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভুঁইয়া প্রমুখ। 

আরও পড়ুন

×