আজ শুভ বুদ্ধপূর্ণিমা
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ মে ২০২৬ | ১৪:২৫
শুভ বুদ্ধপূর্ণিমা আজ শুক্রবার। বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান এই ধর্মীয় উৎসবটি সাড়ম্বরে ও নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উদযাপিত হবে।
আজ থেকে আড়াই হাজার বছর আগে এই দিনটিতে বৌদ্ধদের প্রধান ধর্মগুরু মহামতি গৌতম বুদ্ধের জীবনের তিনটি তাৎপর্যপূর্ণ ঘটনা– জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ সংঘটিত হয়েছিল। ‘জগতের সকল প্রাণী সুখী হোক’-এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের স্মৃতিবিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করেন বুদ্ধভক্তরা। তাঁর জন্ম, বোধিলাভ (বুদ্ধত্ব লাভ) ও মহাপরিনির্বাণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর অন্য নাম ‘বৈশাখী পূর্ণিমা’। গৌতম বুদ্ধের শিক্ষা ছিল– অহিংসা, শান্তি, সাম্য ও সহানুভূতি।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন। পৃথক বাণীতে বৌদ্ধ সম্প্রদায়সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তারা।
আজকের দিনটি সরকারি ছুটি। বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ বিভিন্ন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং সংবাদপত্রগুলো প্রকাশ করবে বিশেষ নিবন্ধ।
এ উপলক্ষে রাজধানীসহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, শীল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘকে দান ও সমবেত প্রার্থনাসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন। সাধারণত দেশজুড়ে বিহারগুলোর চূড়ায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং ভোরবেলায় ত্রিপিটকের পবিত্র শ্লোক পাঠের মাধ্যমে এই উৎসব শুরু হয়।
এ ছাড়া দিনটি ঘিরে প্রদীপ প্রজ্বালন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা এবং মানবজাতির সর্বাঙ্গীণ শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশন (বিবিএফ) আজ রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দিনব্যাপী অনুষ্ঠানমালার পাশাপাশি আলোচনা সভার আয়োজন করেছে। আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এ ছাড়া চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, কুমিল্লা, বরগুনা, রংপুর ও সিলেটের বৌদ্ধ অধ্যুষিত অঞ্চলেও বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হবে।
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান, প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারসহ অন্যান্য নেতারা।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাচিং প্রু জেরী, মাধবী মারমা এবং ড. সুকোমল বড়ুয়া।
শুভেচ্ছা বিনিময় শেষে বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি শুভেচ্ছা ক্রেস্ট এবং বুদ্ধমূর্তির প্রতিবিম্ব তুলে দেওয়া হয়।
- বিষয় :
- বুদ্ধপূর্ণিমা
- বৌদ্ধ ধর্ম
