ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মে দিবসে হাজারীবাগে সপ্তাহব্যাপী শিল্প-প্রদর্শনী

মে দিবসে হাজারীবাগে সপ্তাহব্যাপী শিল্প-প্রদর্শনী
×

ঢাকার হাজারীবাগে মে দিবস উপলক্ষে শুরু হয়েছে সপ্তাহব্যাপী শিল্প-প্রদর্শনী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২৬ | ০১:৪৪

ঢাকার হাজারীবাগে কুন ক্রিয়েটিভ স্টুডিওর উদ্যোগে মে দিবস উপলক্ষে শুরু হয়েছে সপ্তাহব্যাপী শিল্প-প্রদর্শনী, উপস্থাপনা ও মিথস্ক্রিয়ার আয়োজন ‌‌‌Cut for Comfort'। একটি ট্যানারি স্পেসে আয়োজিত এই প্রদর্শনীটি কিউরেট করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের সহকারী অধ্যাপক ইমাম হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী, সমালোচক এবং বিভিন্ন পেশার শ্রমিকরা অংশগ্রহণ করেন। 

কুন ক্রিয়েটিভের সদস্য মোহাম্মদ জাহিদুল হক বলেন, প্রথাগত গ্যালারির সঙ্গে শ্রমজীবী মানুষের দূরত্ব কমাতে এবং শ্রমকে একটি সামাজিক ও নৈতিক 'যত্ন'-চর্চা হিসেবে তুলে ধরতেই এই আয়োজন। প্রদর্শনীটির মূল ভাবনায় শ্রম, ঝুঁকি এবং ভোক্তার আরামের মধ্যে সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়েছে। 

কিউরেটর ইমাম হোসেন জানান, এখানে 'Cut' শ্রমের ঝুঁকি ও উপাদানের রূপান্তরকে নির্দেশ করে, আর 'Comfort' চূড়ান্ত পণ্যের ব্যবহারিক অভিজ্ঞতাকে বোঝায়। এই দ্বৈততার মধ্য দিয়ে শ্রমের অদৃশ্য বাস্তবতা সামনে আনার চেষ্টা করা হয়েছে।

প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীদের বিভিন্ন কাজ-ভাস্কর্য, আলোকচিত্র ও মিশ্র মাধ্যমে শ্রমজীবী মানুষের অভিজ্ঞতা, শারীরিক ঝুঁকি এবং মানসিক স্থিতিস্থাপকতাকে তুলে ধরা হয়েছে। 

উদ্বোধনী দিনে কাঠমিস্ত্রী নূর আলম, ট্যানারি শ্রমিক খলিলুর রহমানসহ বিভিন্ন পেশার শ্রমিকরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। প্রদর্শনীটি ৭ মে পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন

×