ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাজধানীতে মেট্রোরেল কর্মীসহ চোর চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

৩০ লাখ টাকা মূল্যের বিদেশি কাপড়ভর্তি কাভার্ডভ্যান উদ্ধার

রাজধানীতে মেট্রোরেল কর্মীসহ চোর চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ২১:০৬

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ৩০ লাখ টাকা মূল্যের বিদেশি কাপড়ভর্তি একটি কাভার্ডভ্যান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি সংঘবদ্ধ চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে একজন মেট্রোরেলের কর্মী রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– মুন্না হাসান (৩২), আবু হাসান (৩৪), গোলাম মোস্তফা (২৯), রাজীব আলী দেওয়ান (৩৪) ও ইব্রাহিম হক (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার ভোররাতে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকাগামী বিদেশি কাপড়ভর্তি একটি কাভার্ডভ্যান বিমানবন্দর থানার ১ নম্বর সেক্টরের জিনজিয়ান রেস্তোরাঁর সামনে পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়। কাভার্ডভ্যান চালক নেমে ধাক্কা দেওয়া গাড়িটিকে ধাওয়া করে। সেই সুযোগে ওত পেতে থাকা চোর চক্রটি গাড়ি ও পণ্য নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর বিমানবন্দর থানায় মামলা হলে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনারের নির্দেশনায় একটি বিশেষ দল গঠন করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটিকে শনাক্ত করে গত শনিবার রাত পৌনে ৩টার দিকে দক্ষিণখানের আশকোনা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে প্রথমে চারজন এবং পরে তাদের তথ্যের ভিত্তিতে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, গ্রেপ্তার রাজীব আলী দেওয়ানের বাসা থেকে ৯০টি বিদেশি কাপড়ের রোল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া চুরি হওয়া কাভার্ডভ্যান এবং চুরির কাজে ব্যবহৃত অন্য একটি কাভার্ডভ্যানও জব্দ করেছে পুলিশ।

রোববার এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পুলিশ জানায়, এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে। 

আরও পড়ুন

×