শপথ নিলেন ৪৯ নারী এমপি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ সদস্যকে গতকাল রোববার রাত ৯টার দিকে শপথ পড়ান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ ভবনের শপথ কক্ষ থেকে তোলা। ছবি: সংসদ সচিবালয়
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১০:২২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্যরা শপথ নিয়েছেন। গতকাল রোববার রাত ৯টার দিকে জাতীয় সংসদের শপথ কক্ষে ৪৯ নারী এমপিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদ সচিবালয় সূত্র জানায়, বিএনপির ৩৬, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ১২ এবং স্বতন্ত্র জোটের একজন সদস্য একসঙ্গে শপথ নেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, জামায়াতের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
একটি আসনে গেজেট স্থগিতের আবেদন
সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ না করতে নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছেন একই দলের অপর প্রার্থী মনিরা শারমিন। উচ্চ আদালতে তাঁর করা রিট মামলার শুনানি ও আদেশ না হওয়া পর্যন্ত এই গেজেট স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। গতকাল রিটার্নিং কর্মকর্তার কাছে এই আবেদন জমা দেন মনিরা শারমিন।
- বিষয় :
- শপথ অনুষ্ঠান
