উন্নয়ন প্রকল্পে ব্যয় বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ জোনায়েদ সাকি
জোনায়েদ সাকি। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১৪:৩৬
উন্নয়ন প্রকল্পের ধীরগতি ও দফায় দফায় ব্যয় বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, অতীতে যেভাবে ঢিলেঢালাভাবে প্রকল্প চলেছে, বর্তমানে আর সেই সুযোগ নেই। সরকারের প্রতিটি পরিকল্পনার একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে। সেই সীমার মধ্যেই কাজ শেষ করতে হবে।
আজ সোমবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে ডিসিদের কী দিকনির্দেশনা দেওয়া হলো তার তথ্য তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, প্রকল্প বাস্তবায়নের দুর্বলতা দূর করা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেছেন, সরকারের লক্ষ্য শুধু ট্রিলিয়ন ডলার অর্থনীতি গঠন নয়, সেই অর্থনীতিতে বৈষম্য কমিয়ে একটি মানবিক, গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা।
তিনি বলেন, জনগণের বিপুল আস্থা ও সমর্থন নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। সরকারের পরিষ্কার লক্ষ্য ও পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে মাঠ প্রশাসন, বিশেষ করে জেলা প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্মেলনে আলোচনা হচ্ছে কীভাবে সরকারের পরিকল্পনা মাঠপর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়, প্রশাসনকে আরও দক্ষ ও কার্যকর করা যায় এবং বাস্তবায়নের পথে কী কী প্রতিবন্ধকতা রয়েছে।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে যেকোনো নতুন প্রকল্প গ্রহণের সময় কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি বিশেষভাবে বিবেচনায় রাখতে হবে। জনস্বার্থ রক্ষা এবং কর্মসংস্থান বৃদ্ধিই হবে সরকারের মূল লক্ষ্য, যেন সাধারণ মানুষ সরাসরি উন্নয়নের সুফল ভোগ করতে পারে।
উন্নয়ন প্রকল্পের দীর্ঘসূত্রিতার উদাহরণ টেনে প্রতিমন্ত্রী বলেন, আমরা লক্ষ্য করেছি যে ২০১৭ সালে নেওয়া অনেক প্রকল্প এখনও চলমান। বারবার প্রকল্পের সংশোধনী আনা হয়েছে এবং এর ফলে ব্যয়ও বৃদ্ধি পেয়েছে।
প্রকল্প বাস্তবায়নে ঠিক কোথায় বাধার সৃষ্টি হচ্ছে, তা চিহ্নিত করার চেষ্টা চলছে এবং কীভাবে এসব প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠা যায়, তা নিয়ে জেলা প্রশাসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।
জেলা প্রশাসকদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, ভূমি অধিগ্রহণসহ মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে ডিসিরা যেসব সমস্যার মুখোমুখি হন, তা তারা লিখিতভাবে জানিয়েছেন। সরকার এসব সমস্যা দ্রুত সমাধানে গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সরকারের নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের অপচয় এবং দুর্নীতি রোধে জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে সরকার।
- বিষয় :
- জোনায়েদ সাকি
- প্রতিমন্ত্রী
- উন্নয়ন প্রকল্প
