ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

টিটন হত্যায় জড়িতরা এখনও শনাক্ত হয়নি

টিটন হত্যায় জড়িতরা এখনও শনাক্ত হয়নি
×

নাইম আহমেদ টিটন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৬ | ০৮:৩৫ | আপডেট: ০৫ মে ২০২৬ | ১১:২০

| প্রিন্ট সংস্করণ

রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে গুলি করে হত্যায় জড়িতদের এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় জানা যায় শুটারসহ দুই মোটরসাইকেল আরোহীর পালানোর পথ। ঘটনার রাতে সর্বশেষ মোহাম্মদপুরের বছিলা এলাকায় তাদের দেখা যায়।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলছে, নিউমার্কেট এলাকায় টিটনকে উপর্যুপরি গুলি করার পর শুটারসহ দুজন যে পথে গেছেন, তার মোটামুটি ধারণা পাওয়া গেছে। ঘটনার পর বেশ কয়েকটি স্থানের সিসি ক্যামেরায় তাদের দেখা গেছে। এর মধ্যে আজিমপুর, লালবাগ, নবাবগঞ্জ, কামরাঙ্গীরচর, সেকশন বেড়িবাঁধ হয়ে বছিলা পর্যন্ত তাদের অবস্থান জানা যায়। এর পরের গতিপথ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে শুটারকে বহনকারী মোটরসাইকেলটির চালক ঢাকার রাস্তা ও অলিগলি খুব ভালোভাবে চেনেন বলে ধারণা করা হচ্ছে। কারণ তিনি পালানোর সময় সেসব সড়কই বেছে নিয়েছেন, যেখানে তাঁকে মুহূর্তের জন্য থামতে হবে না। পুরো সময়ে দ্রুতগতিতে চালানোর কারণে মোটরসাইকেলটির নম্বরপ্লেট পরিষ্কার বোঝা যায়নি। আর শুটারসহ দুজন হেলমেট ও মাস্ক পরে থাকায় তাদের চেহারাও দেখা যায়নি।  

ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার নাসিম এ গুলশান সমকালকে বলেন, শুধু সিসিটিভি ফুটেজ নয়, সম্ভাব্য সব উপায়ে হত্যায় সরাসরি অংশ নেওয়া দুজনকে শনাক্ত করার চেষ্টা চলছে। পালানোর পথে তাদের গতিবিধি অনেক দূর পর্যন্ত শনাক্ত করা গেছে। থানা পুলিশ ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ইউনিট এই মামলার ছায়াতদন্ত করছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও (ডিবি) টিটনের হত্যাকারীদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। 

আরও পড়ুন

×