শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুপ্রিম কোর্টের চার অফিস সহায়ক সাময়িক বরখাস্ত
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ মে ২০২৬ | ২১:৫৯ | আপডেট: ০৫ মে ২০২৬ | ২২:৫০
শৃঙ্খলাবিধি ভঙ্গের অভিযোগে সুপ্রিম কোর্টের চার এমএলএসএসকে (অফিস সহায়ক) সাময়িকভাবে বরখাস্ত হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তারা হলেন- মো. আসাদুজ্জামান, মোসা. রুক্ষুন নিশা, মো. মিরাজ ও মো. মেহেদী হাসান।
এর আগের দিন সোমবার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে প্রেস ব্রিফিং করেন কয়েকজন অফিস সহায়ক (এমএলএসএস)। পরদিনই তাদের বরখাস্তের আদেশ আসে।
ব্রিফিংয়ে তারা দাবি করেন, তাদের চাকরির বিজ্ঞপ্তিতে অফিস সহায়ক হিসেবে অফিসে ডিউটি করার কথা বলা ছিল, বাসায় ডিউটির কথা উল্লেখ ছিল না। এ অবস্থায় তাদের দীর্ঘদিন বিচারপতিদের বাসায় কাজ করতে বাধ্য করা হয়। গণঅভ্যুত্থানের পর তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের উদ্যোগে তাদের বাসা থেকে প্রত্যাহার করে সুপ্রিম কোর্টের অফিশিয়াল কাজে ফিরিয়ে আনা হয়। সম্প্রতি আবারও এই এমএলএসএসদের বিচারপতিদের বাসায় কাজ করতে পাঠানো হয়।
বিচারপতিদের বাসায় কাজের অভিজ্ঞতাকে দাসত্ববৃত্তির সঙ্গে তুলনা করে এমএলএসএসরা সাংবাদিকদের বলেন, বিচারপতিদের বাসায় ডিউটি করার কারণে আমরা কোনো সাপ্তাহিক ছুটি পাই না। ঈদের দিনও কাজ করতে হয়। আমরা আর বাসাবাড়িতে যেতে চাই না।
সুপ্রিম কোর্ট প্রশাসনের কাছে অভিযোগ করে কোনো প্রতিকার পাওয়া যায়নি উল্লেখ করে এমএলএসএসরা বলেন, বিচারপতিদের বাসায় বিভিন্নভাবে আমরা অত্যাচারিত ও জুলুমের শিকার হই। আমরা অফিসিয়াল চাকরি করতে এসেছি, কিন্তু তারা আমাদের দিয়ে বাবুর্চি, নিরাপত্তাকর্মী, ধোপা, দারোয়ান ও পরিচ্ছন্নতাকর্মীর কাজও করাচ্ছে। এটা একটা দাসপ্রথা, আমরা দাসপ্রথার অধীনে থাকতে চাই না।
জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৪ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, এমএলএসএস পদের নতুন নাম অফিস সহায়ক। তাদের কাজ মূলত অফিসে সীমাবদ্ধ।
- বিষয় :
- সুপ্রিম কোর্ট
- সাময়িক বরখাস্ত
